নাটকটি টিভি দর্শকদের জন্য বিশেষ চমক- তার উদাহরণ টেনে ভাবনা জানান, এর গল্পটি রোবট কেন্দ্রিক। যার পুরো শুটিং হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে ব্যয়বহুল সেটে। যেখানে সাধারণত বিজ্ঞাপনের শুটিং হয়। এখানেই শেষ নয়, নাটকের অভিনয়শিল্পীদের ড্রেসআপ, গেটআপ, সংলাপ প্রক্ষেপণ ও অ্যাক্সপ্রেশন- সব কিছুতেই ছিল নতুনত্ব।
ভাবনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোবটের চরিত্র আর করিনি আমি। এই চরিত্রে অভিনয় করাটা মোটেও আরামের ছিলো না। গেটআপের কারণে কান প্রায় বন্ধ ছিল টানা তিন দিন। বিশেষ একজোড়া জুতা পরে টানা প্রায় ২২ ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে কাজটি করতে গিয়ে। তাছাড়া ভিন্ন কণ্ঠে অভিনয় করাটাও ছিল চ্যালেঞ্জিং। সব মিলিয়ে এতে কাজ করতে গিয়ে প্রায় রোবট হয়ে গিয়েছিলাম।’
শুটিংয়েই শেষ নয়, নির্মাতা জানান এই নাটকের অর্ধেক কাজ মাত্র শেষ হয়েছে! বাকিটা হবে অ্যানিমেশন আর গ্রাফিক্সের মাধ্যমে।
আসন্ন বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে ‘ভালোবাসার ফ্রেশ গল্প’ শিরোনামে ঢাকা-কলকাতার বিভিন্ন লোকেশনে চলছে ৬টি বিশেষ নাটকের শুটিং। আলফা-আই মিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন নাটকগুলোর মধ্যে অনিমেষ-ভাবনার ‘নির্বাসন’ ছাড়াও রয়েছে নুরুল আলম আতিকের ‘আমায় খুঁজোনা’, শিহাব শাহীনের ‘বাসস্টপ’, তানিম রহমান অংশুর ‘যখন বসন্ত’, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ‘বি-স্বর্গ’ এবং গোলাম সোহরাব দোদুলের ‘হঠাৎ তুমি’।