কি, বের করা গেল এ শিল্পীর নামের হদিস? তিনি জিয়াউল ফারুক অপূর্ব। এবার আসছেন মূকাভিনেতার একটি চরিত্র নিয়ে। এতে তার বিপরীতে আছেন জাকিয়া বারী মম। শিহাব শাহীন পরিচালিত এ নাটকের নাম ‘বাসস্টপ’।
এর গল্পটা এমন, মাইম নিয়ে বড় কিছু একটা করবেন, এমন স্বপ্ন দেখেন অপূর্ব। কিন্তু তার জীবনে আর্থিক টানাপড়েন। মেসের ভাড়া ৫০০ টাকা কম দিয়ে তার বদলে বাজার করে দেন, কোনও বিলাসিতা করেন না, রেস্টুরেন্টে খান না, বিকালে যেন নাস্তা খেতে না হয় সে জন্য দুপুরে দেরি করে খান।
এরইমধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে বাসে একটি মেয়েকে ভালো লেগে যায় তার। পরবর্তীতে মেয়েটির সঙ্গে তার একাধিকবার দেখা হলেও নিজের অবস্থান বিবেচনা করে কিছু বলেন না অপূর্ব। সিদ্ধান্ত নেন, মাইমের মাধ্যমে মেয়েটিকে ভালোবাসার কথা জানাবেন তিনি।
এমনভাবেই মাইম নিয়ে হাজির হবেন এ অভিনেতা। অভিনয় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে অপূর্বকে মাইম শিখতে হয়েছিল। তাকে এটি শিখিয়েছেন মূকাভিনেতা নিথর মাহবুব। এতে অপূর্বের গুরু হিসেবে অভিনয়ও করেছেন এই শিল্পী।
নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমার অভিনয় জীবনে কখনও মূকাভিনেতার চরিত্রে কাজ করা হয়নি। এ নাটকের মাধ্যমে সেটা পূরণ হয়েছে। এমনকি অভিনয় শেষে মজা করার জন্য এ মেকআপেই বাসায় গিয়েছিলাম!’
‘বাসস্টপ’ নাটকটির শুটিং হয়েছে চলতি সপ্তাহে। এটি ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে প্রচার হবে।