গুরুতর অসুস্থ ওমর সানী, হাসপাতালে ভর্তি

ওমর সানী। ছবি- সংগৃহীতএকসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানীকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে।
এখন তার হার্টে রিং পরানো হচ্ছে বলে জানিয়েছেন নায়কের ছেলে ফারদিন এহসান। আজ (৫ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে তিনি বলেন, ‘এখন বাবার হার্টে রিং পরানো হচ্ছে। চিকিৎসকরা বলেছেন সবকিছু নিয়ন্ত্রণে আছে।’

জানা যায়, দুপুরে চেকআপের জন্য ওমর সানী হাসপাতালটিতে যান। তবে তার আগে কিছুটা অসুস্থতা অনুভব করছিলেন তিনি। চেকআপের পর চিকিৎসকরা ব্লকের বিষয়টি নিশ্চিত হন। সঙ্গে সঙ্গে রিং পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এই মুহূর্তে সানীর সঙ্গে আছেন তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও তাদের দুই সন্তান। তারা সানীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।