চার ভাষায় ওয়েব সিরিজ ‘দ্য প্রটেকটর’

‘দ্য প্রটেকটর’- এ অন্তু করিমদেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে চার ভাষার ওয়েব সিরিজ। বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ ও আরবি ভাষায় নির্মিত এই সিরিজের নাম ‘দ্য প্রটেকটর’।
কনটেক্স জি-ফিল্মসের ব্যানারে নির্মিত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন নির্মাতা অনিক কান্তি সরকার। গল্প লিখেছেন অনিক কান্তি সরকার ও নোমান হোসেন। এর কেন্দ্রীয় চরিত্র সাজিদ খানের ভূমিকায় অভিনয় করেছেন অন্তু করিম।
সিরিজটির গল্পে দেখা যাবে, ২০২০ সালের এক উন্নয়নশীল বাংলাদেশকে। সে সময় দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে বহির্বিশ্বের কিছু মহল। সেই চক্রান্তের সঙ্গে ঘটনাক্রমে জড়িয়ে পড়েন সাজিদের পুরো পরিবার। ধুন্ধুমার অ্যাকশন আর রহস্যে ভরপুর গল্পটির জট খুলবে খুব শিগগির। জানালেন অভিনেতা অন্তু করিম।
তিনি বলেন, ‘মনের মতো একটি গল্প পেয়েছি। এমন সুন্দর একটি গল্পের অপেক্ষায় ছিলাম। কারণ সাজিদ চরিত্রটি অন্যরকম, বেশ চ্যালেঞ্জিং। অনেক ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে হচ্ছে। তবে কাজটাকে বেশ উপভোগ করছি। আমার সব পরিশ্রম সার্থক হবে, যদি দর্শকদের ভালো লাগে কাজটি।’
অন্তু জানান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান সিরিজটি দিয়ে। যেখানে শুধু ভাষাই নয়, নির্মাণ ও গল্প ভাবনাতেও থাকছে আন্তর্জাতিক আদল। সিরিজের ১২টি পর্বের জন্য ১২জন আলাদা নায়িকা থাকছেন এতে। সঙ্গে প্রকাশনা চমক তো থাকছেই।