যদিও মঙ্গলবার (৮ মে) উৎসবের ৭১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অনেকেই মোবাইল ফোনে ছবি তোলার চেষ্টা করেছেন। কিন্তু নিরাপত্তা কর্মী ও আয়োজকরা সেই চেষ্টা সফল হতে দেননি। পুরো লালগালিচায় ছিল তাদের তীক্ষ্ন দৃষ্টি। কেউ মোবাইল ফোন হাতে নিলেই প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছেন তারা। বলা যায়, লালগালিচায় সেলফির জন্য ইঁদুর-বিড়াল খেলা হয়ে গেছে!
অবশ্য নিষেধাজ্ঞার মধ্যেও সুযোগ বুঝে কেউ কেউ সেলফি তুলে ফেলেছেন। এ তালিকায় আছেন এশিয়ারই একজন নারী অতিথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণকারীদের অনেকে মন্তব্য করেছেন, সেলফির ওপর নিষেধাজ্ঞা থাকায় এবার লালগালিচা জমজমাট মনে হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের পর্দায় ভেসে ওঠে আয়োজকদের নোটিশ। এতে সবাইকে মোবাইল ফোন বন্ধ করার জন্য বলা হয়। এত বিধিনিষেধের মধ্যে উৎসবের আমেজ খুঁজে পাননি অনেকে।
তবে উৎসবের উদ্বোধনী ছবি ইরানি নির্মাতা আসগর ফারহাদির ‘এভরিবডি নৌস’ দেখে সেই অতৃপ্তি ঘুচে গেছে সবার। ছবিটিতে তারকা দম্পতি হাভিয়ার বারদেম ও পেনেলোপি ক্রুজের হৃদয়ছোঁয়া অভিনয় মন কেড়েছে অতিথিদের। তাই প্রদর্শনী শেষে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হাততালি দিয়েছেন তারা।