ইমন-মেহজাবীনের গানের গল্প

একদিন ইমন ইউটিউবে একটি গান শুনে আবেগী হয়ে পড়েন। সাধারণত তিনি বাংলা গান শোনেন কম। হেভি মেটালের ভক্ত। তবে আজ এই বাংলা গানটি শুনে কেন জানি তার চোখ গড়িয়ে পানি পড়ছে! মুহূর্তেই গানটি ফেসবুকে ইনবক্স করেন প্রিয় বন্ধু কোনালকে।
তবে ভুল করে কোনালের কাছে না গিয়ে গানের লিংকটি চলে যায় মেহজাবীনের কাছে! শুরুতে বিস্মিত হলেও গান শুনে ভীষণ ভালো লাগে তার। সেই সূত্রেই ইমন-মেহজাবীনের অন্তর্জাল বন্ধুত্বের শুরু। তারা একে অপরের নাম দেন গান-বন্ধু।
এমন একটি মিউজিক্যাল গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘গান বন্ধু’। যা আজ ১১ মে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে এনটিভিতে। রুম্মান রশীদ খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন মো. মাকসুদুর রহমান বিশাল। প্রযোজনা করেছে এস এস মাল্টিমিডিয়া।
নাটকটি প্রসঙ্গে ইমন বলেন, ‘এটা মিউজিক্যাল লাভ ড্রামা। এটা বাংলা গানের প্রেমে পড়ারও গল্প। ভালো কনসেপ্ট। মানে সচরাচর যেমন হয় তেমন কোনও প্রেমের নাটক নয় এটি। দর্শকরা উপভোগ করবেন নিশ্চয়ই।’
নাটকটিতে ইমন অভিনয় করেন বিশাল চরিত্রে আর মেহজাবীনের নাম রাখা হয় কণা।