চ্যানেল বাংলাভিশনের জন্য একটি অনুষ্ঠানে থাকছেন এই তারকাদ্বয়। এর নাম ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’।
আর অনুষ্ঠানটি নির্মাণ করতে চ্যানেলটি একেবারে কক্সবাজারে তৈরি করেছে বিশেষ সেট! কারণ, এই দুই তারকা এখন সেখানে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত।
বিষয়টি নিয়ে অনুষ্ঠানটির প্রযোজক শহীদ সম্পদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাকিব খান দেশের সবচেয়ে ব্যস্ত নায়ক। শাকিব-বুবলীও সবচেয়ে কাঙ্ক্ষিত জুটিদের মধ্যে একটি। ঈদের আগে চলতি সপ্তাহে তাদের শুটিং সব ঢাকার বাইরে হবে। কিন্তু আমাদের পরিকল্পনা ছিল শাকিব খান ও বুবলীকে নিয়ে অনুষ্ঠান করার। তাই এই জুটি যেখানে আছেন, সেখানেই অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিই। চলতি সপ্তাহে কক্সবাজার সমুদ্রসৈকতের একটি হোটেলে অনুষ্ঠানের দৃশ্যধারণ হয়েছে।’
বুবলী জানান, তথাকথিত সেলিব্রেটি শো’র মতো নয় এটি। এখানে তাদের আড্ডা দিতে দেখা যাবে। এতে কোনও উপস্থাপক থাকবেন না।
জানা যায়, এই জুটির ঈদের ছবিসহ তাদের তারকা হওয়া, আনন্দ-বেদনাসহ নানান গল্প জানা যাবে অনুষ্ঠানের মাধ্যমে। এটি রোজার ঈদের দিন বিকাল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।