অবশেষে আসছে কপিল শর্মার নতুন শো

কপিল শর্মা। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেসনতুনভাবে আসার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় কমেডি শিল্পী কপিল শর্মা। সহকর্মী সুনীল গ্রোভারকে মারধরের কেলেঙ্কারির পর এটি তার নতুন কোনও অনুষ্ঠান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, দেওয়ালি উপলক্ষে নতুন শো’র তোড়জোড় শুরু করেছে সনি টিভি। সেখানে উপস্থাপক হিসেবে থাকছেন কপিল শর্মা!

গত বছরের শুরুর দিকের উড়োজাহাজের ভেতরে ‘দ্য কপিল শর্মা’ অনুষ্ঠানের সহকর্মীকে মদ্যপ অবস্থায় গায়ে হাত তোলেন ও দুর্ব্যবহার করেন কপিল। এরপর থেকেই চারদিকে সমালোচনা শুরু হয়। অনুষ্ঠানটির টিআরপিতে ভয়াবহ ধরনের ধস নামে। সব মিলিয়ে সনি টিভি কর্তৃপক্ষ একপর্যায়ে এটি বন্ধ করে দেন। পাশাপাশি জনপ্রিয় এ উপস্থাপক শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন।
ফলে সে ঘটনার পর একই চ্যানেলে নতুন শো আনতে যাচ্ছেন কপিল।
কপিলের কাছের একজনের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের ভাষ্য, ‘‘অনুষ্ঠানটি একেবারে অন্য আমেজে তৈরি হচ্ছে। তবে দু-একজন বলছে, এটি ‘দ্য কপিল শর্মা’-এর নতুন সংস্করণ।’’

এদিকে জানা যায়, কপিল এখনও পরিবারের সঙ্গে অবকাশযাপনে আছেন। সেপ্টেম্বরের মাঝামাঝি তিনি মুম্বাইতে ফিরবেন। এরপর শুটিং হবে।

অন্যদিকে, সনি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি তৈরির বিষয়ে ইতিবাচক। চ্যানেলটির বিজনেস হেড দানিশ খান সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমরা অবশ্যই কপিলের সঙ্গে কথা বলতে চাই। তিনি পরিশ্রমী শিল্পী। কপিল যদি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে ফেরেন আমরা খুশি হবো।’