চলতি সপ্তাহে চলচ্চিত্রটি নিয়ে স্তুতি প্রকাশ করতে দেখা গেছে দর্শক ও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে। তাই বাড়ছে এর হল সংখ্যাও। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান।
জানালেন, আগামী সপ্তাহে এটি চলবে ৩৫টি প্রেক্ষাগৃহে।
বললেন, ‘দর্শকদের ভালোবাসার কারণেই এমনটা হয়েছে। আরও কয়েকটি হল হয়তো পেত ছবিটি। তবে পরিবেশ দেখে ও নানা কিছু বিবেচনা করে এগুতে চাইছি। তাড়াহুড়ো করতে চাই না।’
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।
সরকারি অনুদানের এ ছবিটির যৌথ প্রযোজক জয়া আহসানের সি-তে সিনেমা। ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।