আনিসুল হকের অনুষ্ঠান উপস্থাপনা করবেন আব্দুন নূর তুষার

আনিসুল হক ও আব্দুন নূর তুষার। ছবি- সংগৃহীত

১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিটিভিতে প্রচারিত হয়েছিল ‘সবিনয়ে জানতে চাই’। প্রয়াত মেয়র আনিসুল হকের উপস্থাপনায় রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবর্গের অংশগ্রহণে সেই সময়ে অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
ওই সময় এ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন ডা. আব্দুন নূর তুষার। এবার নাগরিক টিভিতে ‘সবিনয়ে জানতে চাই’ নিয়ে আসছেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা তুষার।
চ্যানেল কর্তৃপক্ষ জানান, আগামী ১ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১১টায় অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচার হবে। এরপর একই বার ও একই সময়ে এটি দেখা যাবে।
‘সবিনয়ে জানতে চাই’ অনুষ্ঠানে একাদশ সংসদ নির্বাচন ২০১৮-এর নির্বাচনী আসন, প্রার্থী ও জনগণের ওপর নির্বাচনী প্রভাব, সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানে অংশ নেবেন মন্ত্রী, রাজনীতিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা। এ অনুষ্ঠানে আব্দুন নূর তুষার অতিথিদের কাছে জবাবদিহিমূলক একাধিক প্রশ্ন করবেন এবং অতিথিরা সেই প্রশ্নের জবাব দেবেন।

চ্যানেলটি আরও জানায়, প্রতি পর্বে দুজন প্রথিতযশা সাংবাদিক/সমাজকর্মী অতিথিকে প্রশ্ন করবেন। পাশাপাশি দর্শকরাও এতে অংশ নিতে পারবেন।