‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১৩তম নাটক। এক ঘণ্টার এ নাটক নির্মাণ সম্পর্কে অরুণ চৌধুরী বলেন, ‘প্রতি বছর বিজয় দিবস এলে চ্যানেল আইয়ের জন্য আমি বিশেষ নাটক নির্মাণ করি। এটা ২০১২ সাল থেকে নিয়মে দাঁড়িয়েছে। এবারের নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী মেহজাবীনকে। আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ। কাজটি সবার ভালো লাগবে বলে বিশ্বাস আমার।’
নাটকে দেখা যাবে এই সময়ের দুজন তরুণ-তরুণীর গল্প। যাদের বন্ধুত্ব হয় ফেসবুকের মাধ্যমে। মেয়েটা ফটোগ্রাফার। একটা পুরনো বাড়ির সামনে দাঁড়ানো ছবি দেখে ছেলেটার প্রতি মেয়েটা আগ্রহী হয়। কারণ ওই বাড়িটা মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে আছে। তাছাড়া যুদ্ধের সময় মেয়ের দাদা ও তার পরিবার সেখানে আশ্রয় নিয়েছিল। ছেলেটার সাথে বন্ধুত্ব হয় এবং ওই বাড়িতে নিয়ে যেতে বলে।
একদিন মেয়েটাকে নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা বাড়িতে নিয়ে যায় ছেলে, কিন্তু মেয়েটা সেখানে গিয়ে দেখে সেই পুরনো বাড়ি আর নেই। এটা ভেঙে বাংলো বানিয়ে ফেলেছে ছেলেটা। এটা দেখে ভয়ংকর রিঅ্যাক্ট করে মেয়েটা। তাদের সম্পর্কেও ফাটল ধরে।
মূলত এমন হেরিটেজ সমৃদ্ধ একটি বাড়ির গল্পই দেখানো হবে নাটকে। নাটকটি প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৮টায়।