অনেকদিন পর লাকী ইনাম

বামে দীপন। ডানে- নাটকের দৃশ্যে লাকী ইনাম। ছবি- সংগৃহীতএকটি শিশুর মনকে চালিত করে নানা রকমের আবেগ । কোনও আবেগ তাকে হাসায়, কোনোটা তাকে কাঁদায়, কোনোটা তাকে রাগায়। এই আবেগগুলোকে যদি মানুষের মতো চিত্রায়ণ করা যায়, তাহলে কী হবে?
সে রকম একটি ভাবনা থেকেই নির্মিত হচ্ছে দুরন্ত টিভির জন্য শিশুতোষ ধারাবাহিক ‘মনের জাদুকর’। আর এটির মাধ্যমে আবারও টিভির দর্শকরা দেখতে পারবেন দীপংকর দীপনের নাটক। কারণ ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের এই পরিচালক নাটকটি পরিচালনা করেছেন। পাশাপাশি এর মাধ্যমে দীর্ঘদিন পর বেসরকারি টিভি নাটকে অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী লাকী ইনাম। এই ধারাবাহিক নাটকে মূল চরিত্র একটি ১০ বছরের শিশু। সেই চরিত্রের নানির ভূমিকায় অভিনয় করছেন সদ্য একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী লাকী ইনাম।
নাটকে কাজ করা প্রসঙ্গে দীপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ঢাকা অ্যাটাক’-এর পর কিন্তু বাংলা টিভিতে আমার নাটক প্রচার হয়েছে। ডকুমেন্টরিও তৈরি করেছি। আর দুরন্ত টিভির স্বাদ কিন্তু একেবারে আলাদা। কাজের কনসেপ্টটা খুব ভালো লেগেছে। এ জন্য এটিতে যুক্ত হলাম।’’

একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন মতিয়া বানু শুকু।নাটকের আরও একটি দৃশ্য



পরিচালক আরও জানান, উত্তরা একটি শুটিং হাউসে এখন নাটকটির দৃশ্য ধারণ হচ্ছে। এরপর মার্চে এফডিসির ইনডোর স্টডিুও টানা শুটিং হবে। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, গোলাম ফরিদা ছন্দাসহ বেশ কয়েকজন শিশুশিল্পী। আগামী পহেলা বৈশাখ থেকে দুরন্ত টিভিতে নাটকটির প্রচার শুরু হবে।
উল্লেখ্য, টিভি নাটক নির্মাণে জনপ্রিয় মুখ দীপংকর দীপন। দেড় দশকে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই নির্মাতা। এছাড়া ২০১৭ সালে মুক্তি পায় সেই বছরের সেরা ছবি ‘ঢাকা অ্যাটাক’। যার নির্মাতা হিসেবেও দীপন প্রশংসিত হন।