বেঙ্গালুরু আন্তর্জাতিক উৎসবে ‘ইতি তোমারই ঢাকা’

ছবির একটি দৃশ্যে স্পর্শিয়াগত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের ১১তম আসরে দেখানো হচ্ছে ৬০ দেশের ২২৫টি চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে এতে অংশ নিচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’।
৮ দিনব্যাপী এই উৎসবে ১৫টি ভিন্ন বিভাগে চলচ্চিত্রগুলো দেখানো হচ্ছে। এরমধ্যে ‘এশিয়ান সিনেমা’ বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘ইতি, তোমারই ঢাকা’।

বিষয়টি জানিয়েছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) ও 'ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রযোজক আবু শাহেদ ইমন। এখন তিনি উৎসবে যোগ দিতে বেঙ্গালুরুতে অবস্থান করছেন।

ইমন জানান, ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১১তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটির একবার প্রদর্শনী হয়েছে। আরেকটি প্রদর্শনী হবে আজ সন্ধ্যায় (২৭ ফেব্রুয়ারি)।

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসবের একটি মনে করা হয়। এবারের উৎসব উদ্বোধন করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ.ডি.কুমারা স্বামী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড নির্মাতা রাহুল রাবালি ও অভিনেতা অনন্ত নাগ। ইরানিয়ান ছবি ‘বোম, অ্যা লাভ স্টোরি’ ছবির মধ্য দিয়ে শুরু হয় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরি করেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন। পুরো প্রকল্পটি দেখভাল করেন আবু শাহেদ ইমন।