সেই ‘সুরের ধারা’য় বেড়ে উঠেছেন তরুণ শিল্পী আঁখি হালদার। যার প্রথম গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে আজই (৫ মে)। নাম ‘তোমা পানে চাহি’। গানগুলো তৈরি ও প্রকাশের পেছনেও রয়েছে আঁখির গানের গুরু রেজওয়ানা চৌধুরী বন্যার সরাসরি উদ্যোগ। অ্যালবামটির প্রকাশনা উৎসবে এসে তেমনটাই জানালেন শিষ্য আঁখি হালদার।
যা স্পষ্ট রেজওয়ানা চৌধুরী বন্যার বক্তব্যেও। আজ দুপুরে (৫ মে) রাজধানীর চ্যানেল আই দফতরে আয়োজিত অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে তিনি বললেন, ‘আঁখি হালদার সুরের ধারার পুরনো সদস্য। সেই কোন ছোটবেলায় এখানে গান শিখতে এসেছিল, তারপর কেটে গেছে অনেক দিন। আজ তার নিজের সিডি প্রকাশ হয়েছে। এটি আমার জন্য অতি আনন্দের সংবাদ। আঁখি সুরের ধারা পরিবারের সাথে প্রথম থেকেই খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। তার কণ্ঠটি সুরেলা ও মিষ্টি। কোমলতায় ভরা। গানের সাথে তার এই নিবিড় সম্পর্কটি শ্রোতাদেরও স্পর্শ করে যাবে।’
১০টি রবীন্দ্রসংগীত দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি।
এদিকে একই অনুষ্ঠানে প্রকাশ পায় রেজওয়ানা চৌধুরী বন্যারও অ্যালবাম। ‘তিন কবির গান’ শিরোনামের এই অডিও সিডিটি সাজানো হয়েছে কবি দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ ও রজনীকান্ত সেন-এর ১০টি গান দিয়ে।
এই প্রকাশনা অনুষ্ঠানে দুই শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিটিভির সাবেক ডিজি সৈয়দ সালাহউদ্দিন জাকী, সুরের ধারার অধ্যক্ষ শফি আহমেদ এবং সংগীতশিল্পী সাদি মহম্মদ।
দুটি অ্যালবামই প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।