আবারও লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

এটিএম শামসুজ্জামান

বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। আজ (৬ মে) সকালে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তার মেয়ে কোয়েল আহমেদ।

তিনি বলেন, ‘আজ সকাল থেকেই বাবার ফুসফুসে নিউমোনিয়ার প্রকট দেখা দেয়। এটা সংক্রমিত হতে দেখে চিকিৎসকরা আবারও ফুসফুসে সাপোর্টের ব্যবস্থা করেন। তারা জানিয়েছেন, অবস্থা কিছুটা ভালো হলে লাইফ সাপোর্ট খুলে আবারও বাবাকে পর্যবেক্ষণ করবেন।’

এটিএম শামসুজ্জামান এখন রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন।

গত ৩ মে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, খুব দ্রুতই তাকে কেবিনে নেওয়া সম্ভব হবে। এদিকে ফুসফুসে জটিলতা দেখা দেওয়ায় আবারও তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলো।

কিংবদন্তি এ অভিনেতাকে ২৬ এপ্রিল রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। একই হাসপাতালে ২৭ এপ্রিল এই অভিনেতার শরীরে অস্ত্রোপচার হয়েছে।
অস্ত্রোপচারের কারণ প্রসঙ্গে অভিনেতার ছেলের স্ত্রী রুবি জামান বলেছিলেন, ‘দীর্ঘদিন উনার (এটিএম শামসুজ্জামান) পেটে খাবার জমা হয়ে শক্ত হয়ে যেত। চিকিৎসকরা বিষয়টি প্রথমদিকে ধরতে পারেননি। ২৬ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা অসুস্থতার কারণটি ধরতে পারেন। তাই অস্ত্রোপচার করে এগুলো বের করা হয়েছে।’
৮৮ বছর বয়সী এ অভিনেতা অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। প্রথম কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথমদিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি।
অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য আজও তিনি দর্শকের কাছে নন্দিত।