একটি জন্মদিন ও কবরের গল্প

তানজিন তিশা ও অপূর্বআজ (৩০ জুলাই) রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটক ‘শুভ জন্মদিন’। যেখানে উঠে আসবে এক স্বামীর হৃদয়বিদারক গল্প।
সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা প্রমুখ। গল্পে দেখা যাবে, অপূর্ব একজন খ্যাতনামা লেখক। স্ত্রী তিশার সঙ্গে সুখের সংসার তার। একে অপরকে ভীষণ ভালোবাসেন। লেখালেখিতে সবসময় অপূর্বকে প্রেরণা যোগান তিশা।
প্রতিবার তিশার জন্মদিনে বাসায় ফেরার সময় অপূর্ব তার জন্য বেলুন নিয়ে যান। তিশার চাওয়া যত-তম জন্মদিন ঠিক ততগুলো বেলুন দিতে হবে তাকে। অপূর্বও তাই করেন। প্রতি জন্মদিনে গুনে গুনে বেলুন নিয়ে যান। এক জন্মদিনে বেলুন নিয়ে যাওয়ার পথে বাসে পরিচয় হয় এক দম্পতির সাথে। মেয়েটি সিনেমার এক্সট্রা হিসেবে কাজ করে। তার স্বামী হোমিওপ্যাথিক ডাক্তার। অপূর্বর হাতে অনেক বেলুন দেখে মেয়েটি নিজে আগ্রহী হয়ে তার সাথে কথা বলে। এত বেলুন নেয়ার কারণ জানতে চাইলে অপূর্ব বলেন, তার স্ত্রীর জন্মদিনের কথা। এক পর্যায়ে তাদের বাস নষ্ট হয়ে যায়। নিকট গন্তব্যের কারণে অপূর্ব সেখানে নেমে ওই দম্পতির কাছে বিদায় নিয়ে চলে যান। দম্পতিটি কাছেই পার্কের ভেতর একটি চায়ের দোকানে চা খেতে যান। চা খাওয়া শেষে পার্কে হাঁটতে গিয়ে হঠাৎ দেখেন অপূর্ব একটি কবরের সামনে দাঁড়িয়ে আছেন। বেলুনগুলো কবরের উপরে ঝোলানো। কবরটি তার সেই প্রিয়তমা স্ত্রীর।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা।