তিনি বলেন, ‘‘দেখতে দেখতে নয়টা বছর পার হয়ে গেল। অথচ মনে হচ্ছে এই তো সেদিন। আমি ভাগ্যবান। এমন একটি ছবির সঙ্গে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে থাকতে পেরে। আমি আজও হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ছবি সংশ্লিষ্ট সবাইকে। আসলে ছবিটি এভাবে সুপারহিট হওয়ার একটাই কারণ, এতে আমরা যারাই কাজ করেছি- তারা সবাই নিজ নিজ হৃদয়ের কথাই বলতে চেয়েছি। ‘হৃদয়ের কথা’ আমার চলচ্চিত্র জীবনে মাইলফলক হয়ে থাকবে।’’
এবার অভিনেতা রিয়াজ প্রসঙ্গ। সাধারণত উপমহাদেশের নায়করা ব্যবসায়িকভাবে সফলতার চরম শিখরে যখন থাকেন তখন একটু ভিন্ন ঘরানার ছবিতে কাজ করতে চান না। তবে রিয়াজ শুরু থেকেইে এর ব্যতিক্রম।
জনপ্রিয়তার শীর্ষে থেকে তিনি কাজ করেন হুমায়ূন আহমেদের ভিন্নধারার ছবি ‘দুই দুয়ারি’ ও ‘শ্যামল ছায়া’তে। তার চিত্রনাট্যে ‘দারুচিনি দ্বীপ’-এও কাজ করলেন। শুধু সিনেমাতেই নয়, নিয়মিত হুমায়ূন আহমেদের নাটকেও দেখা গেছে তাকে।
দুই জায়গাতেই সমান সফলতা পেয়েছেন। বহুদিন পরে আবার হুমায়ূন আহমেদের গল্পে শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’তে অভিনয় করছেন তিনি। কেমন লাগছে- এত দিন পরে হুমায়ূন আহমেদের ছবিতে?
‘স্যারের কাজ করতে সবসময় ভালো লাগত। এটাও ভাল লাগা থেকে করছি। আর শাওন আমার মনে হচ্ছে না নতুন পরিচালক। ও যথেষ্ট পরিপক্ক ও দক্ষ পরিচালকের মত কাজটা এগিয়ে নিচ্ছে’- বলছিলেন রিয়াজ।
খুব দ্রুত ছবিটির শ্যুটিং শেষ করা হচ্ছে- সবকিছুতেই তাড়াহুড়া, সমস্যা মনে হচ্ছে না? রিয়াজের তাৎক্ষণিক জবাব, ‘না, সবকিছু প্ল্যান অনুযায়ী করতে পারলে সমস্যা হবে না। আর এখানে শাওন একা কাজটা সামলাচ্ছে না। আমরা সবাই মিলে তাকে সাহায্য করছি।’
প্রযোজনার প্রত্যাশা তো থাকলোই, সামনে কি আমরা আরও ছবিতে অভিনেতা রিয়াজকে পাব? উত্তরে রিয়াজ জানালেন, তিনি ইতিমধ্যে অনেকগুলো ছবিতে কাজ করার অফার পেয়েছেন- কিন্তু কোনওটির গল্পই তার কাছে যুতসই মনে হয়নি। পছন্দের গল্প পেলে অবশ্যই কাজ করবেন। আর হৃদয় ছোঁয়া গল্প পেলে ফের প্রযোজনার ইচ্ছেটাও বাঁচিয়ে রেখেছেন তিনি।
‘হৃদয়ের কথা’ ছবির জনপ্রিয় একটি গান:
/জেডএ/এমএম/