৯২তম অস্কার: সেরা প্রামাণ্যচিত্র ওবামা-মিশেলের ‘আমেরিকান ফ্যাক্টরি’

EQYfqDRW4AABy6Fঅ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে সেরা প্রামাণ্যচিত্র হয়েছে ‘আমেরিকান ফ্যাক্টরি’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন স্টিভেন বগনার ও জুলিয়া রাইকার্ট। তাদের হাতে পুরস্কারটি তুলে দেন ‘হাল্ক’ তারকা মার্ক রাফেলো।

স্টিভেন ও জুলিয়াকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কারণ তার ও মিশেল ওবামার প্রযোজনা প্রতিষ্ঠান হাইয়ার গ্রাউন্ড প্রোডাকশন্স প্রামাণ্যচিত্রটির মাধ্যমে প্রযোজনায় এসেছে। ‘আমেরিকান ফ্যাক্টরি’ পরিবেশনা করেছে ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্স।

ওবামা টুইটারে লিখেছেন, ‘অর্থনৈতিক পরিবর্তনের সময় মানবিক পরিণতি সম্পর্কে এমন জটিল ও মন ছুঁয়ে যাওয়া গল্প বলার জন্য জুলিয়া ও স্টিভেনকে অভিনন্দন। দুই মেধাবী নির্মাতার হাতে অস্কার ট্রফি দেখে আমি আনন্দিত।’
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটনের কাছে মোরেইন শহরের একটি চীনা প্রতিষ্ঠানকে ঘিরে সাজানো হয়েছে প্রামাণ্যচিত্রটি। বন্ধ হয়ে যাওয়া জেনারেল মোটরসকে সচল করে ফুইয়াওর কারখানা। 
‘আমেরিকান ফ্যাক্টরি’র নির্মাতাদের সঙ্গে মার্ক রাফেলোএবারের আসরে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘দ্য কেভ’, ‘দ্য এজ অব ডেমোক্রেসি’, ‘ফর সামা’ ও ‘হানিল্যান্ড’।

এদিকে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে ‘লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন (ইফ ইউ আর অ্যা গার্ল)’। এ বিভাগে মনোনীত অন্য তিনটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র হলো ‘ইন দ্য অ্যাবসেন্স’, ‘লাইফ ওভারটেকস মি’, ‘সেন্ট লুইস সুপারম্যান’, ‘ওয়াক রান চা-চা’।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ৯ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ১০ ফেব্রুয়ারি সকাল) শুরু হয় চলচ্চিত্রের দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯২তম আয়োজন।

প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

শুরুতে মঞ্চে এসে লাল ব্লেজার পরেন আমেরিকান কৃষ্ণাঙ্গ গায়িকা জানেল মোনেই। এরপর গান গাইতে গাইতে অতিথি সারিতে গিয়ে টম হ্যাঙ্কসের মাথায় টুপি পরিয়ে দেন তিনি। পরে তার সঙ্গে সংগীত পরিবেশনায় যোগ দেন বিলি পর্টার।

এরপর আবারও দর্শক সারিতে গিয়ে জানেল উল্লেখ করেন, এবারের অস্কারে সেরা পরিচালক বিভাগে নারীদের উপেক্ষা থাকা ও অভিনয়শিল্পী বিভাগে ২০ জনের মধ্যে মাত্র একজন কৃষ্ণাঙ্গ (সিনথিয়া এরিভো) স্থান পাওয়ার কথা। এ নিয়ে এবার অস্কারকে বর্ণ ও লিঙ্গবৈষম্যের সমালোচনা হজম করতে হচ্ছে। জানেলের গান শেষে অভিনেতা স্টিভ মার্টিন ও ক্রিস রক মঞ্চে এসে বর্ণবৈষম্য ফের বিদ্রুপ করেন।

‘ফ্রোজেন টু’ ছবির ইন্টু দ্য আননৌন’ (কথা ও সুর ক্রিস্টেন অ্যান্ডারসন-লোপেজ ও রবার্ট লোপেজ) গেয়ে শোনান ইডিনা মেনজেল ও অরোরা। তাদের সঙ্গে মঞ্চে যোগ দেন বিভিন্ন দেশে ‘ফ্রোজেন টু’র এলসা চরিত্রে কণ্ঠ দেওয়া অভিনেত্রীরা। এর মধ্যে ছিল থাইল্যান্ড, জাপান, স্পেন, ডেনমার্ক, রাশিয়া ও পোল্যান্ড।

‘ব্রেকথ্রো’ ছবিতে ডায়েন ওয়ারেনের কথা ও সুরে “আই’ম স্ট্যান্ডিং উইথ ইউ” পরিবেশন করেন আমেরিকান গায়িকা ক্রিসি মেৎজ। ‘হ্যারিয়েট’ ছবির ‘স্ট্যান্ড আপ’ গেয়েছেন সিনথিয়া এরিভো। তার সঙ্গে মিলে এটি লিখেছেন ও সুর করেছেন জশুয়া ব্রায়ান ক্যাম্পবেল। 

এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।

গতবারের মতোই অস্কারে কোনও সঞ্চালক নেই। মূল আয়োজন শুরুর আগে লালগালিচায় পা মাড়িয়েছেন তারকারা। লালগালিচায় তারকাদের অনুভূতি নিয়েছেন এমি অ্যাওয়ার্ড বিজয়ী টিভি উপস্থাপক রায়ান সিক্রেস্ট, এমি-টনি-গ্র্যামি জয়ী গায়ক-অভিনেতা বিলি পর্টার, সুপারমডেল লিলি অ্যালড্রিজ, সাংবাদিক ও টক শো উপস্থাপক টেমরন হল ও আমেরিকান চলচ্চিত্র বোদ্ধা এলভিস মিচেল।