‘থর’ ফ্র্যাঞ্চাইজির ভ্যালকাইরি চরিত্রের অভিনেত্রী টেসা থম্পসন খবরটি নিশ্চিত করেছেন। এইচবিও চ্যানেলের ‘ওয়েস্টওয়ার্ল্ড’ সিরিজের তৃতীয় মৌসুমের প্রিমিয়ারে এন্টারটেইনমেন্ট টুইনাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
টেসা বলেন, ‘পাণ্ডুলিপিটি পড়েছি। বেশিকিছু বলা বারণ। ছবিটি নিয়ে নাটালি (পোর্টম্যান) ও আমার মধ্যে অনেক দারুণ মেসেজ আদান-প্রদান হয়েছে। শুটিংয়ে বেশ মজা হবে। টাইকা ওয়াইটিটি গল্পটি লিখেছেন ও পরিচালনা করবেন। চেনা অভিনয়শিল্পীরা থাকছেন। নতুন যুক্ত হবেন কয়েকজন। ক্রিশ্চিয়ান বেল আমাদের এবারের ভিলেন। তাই ছবিটা চমৎকার হবে।’
‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ নামের ছবিটিতে সুপারহিরো থরের ভূমিকায় যথারীতি থাকছেন ক্রিস হেমসওর্থ। জেন ফস্টার চরিত্রে ফিরবেন নাটালি পোর্টম্যান। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত থর: র্যা গনারক-এর সিক্যুয়েল হিসেবে তৈরি হবে এটি। ওই ছবিও পরিচালনা করেছেন নিউজিল্যান্ডের টাইকা ওয়াইটিটি।
যদিও ক্রিশ্চিয়ান বেলের ভিলেন হওয়ার খবর নিয়ে কিছু বলেনি মারভেল স্টুডিওস কিংবা এর সহযোগী প্রতিষ্ঠান ডিজনি। ‘থর: লাভ অ্যান্ড থান্ডার মুক্তি পাবে ২০২১ সালের নভেম্বরে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস