ইনস্টাগ্রাম ও টুইটারে ৫৮ বছর বয়সী আমেরিকান এই অভিনেতার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, বৃষ্টিভেজা দিনে গাড়িতে চড়ে প্রেক্ষাগৃহে পৌঁছান তিনি। এরপর নেমেই ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে বলেন, ‘চলে এসেছি। চলচ্চিত্রে ফেরা।’
এরপর মাস্ক পরে সাধারণ দর্শকদের মাঝে ছবিটি উপভোগ করেন। এ সময় তাকে হাততালি দিতে দেখা গেছে। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘বড় ক্যানভাসের চলচ্চিত্র। বড় পর্দা। ভালো লেগেছে।’
প্রদর্শনী শেষ হওয়ার পর প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে যাওয়ার সময় টম ক্রুজ বলছিলেন, ‘প্রেক্ষাগৃহে ফিরে আসতে পেরে দারুণ লাগছে। ভালো লেগেছে ছবিটি।’ ভিডিওতে শোনা গেছে কথাগুলো। টুইটারে এটি ৪৬ লাখ বার ও ইনস্টাগ্রামে ১১ লাখ বারের বেশি।
লকডাউনের পর মুক্তি পাওয়া ‘টেনেট’ হলিউডের প্রথম বড় ক্যানভাসের ছবি। এতে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিকি, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।
নেটিজেনদের অনেকের মন্তব্য, টম ক্রুজের ভিডিওটি দর্শকদের আবারও প্রেক্ষাগৃহে ফিরতে উদ্বুদ্ধ করতে পারে। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও তার প্রেক্ষাগৃহে যাওয়াকে কেউ কেউ সাহসের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। এক ভক্ত নোলানের ছবিতে তাকে দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন।
এদিকে টম ক্রুজের নতুন সব ছবির মুক্তি পিছিয়ে গেছে। এর মধ্যে প্যারামাউন্ট পিকচার্স স্থগিত করেছে বহুল প্রতীক্ষিত ‘টপ গান: ম্যাভেরিক’। এটি প্রেক্ষাগৃহে আসবে ২০২১ সালের ২ জুলাই। এরপর নভেম্বরে দর্শকরা গোয়েন্দা ইথান হান্ট চরিত্রে তাকে ফের পাবে ‘মিশন: ইমপসিবল সেভেন’ ছবিতে।
Big Movie. Big Screen. Loved it. pic.twitter.com/DrAY5tRg5P
— Tom Cruise (@TomCruise) August 25, 2020