গণসংগীতের অন্যতম শিল্পী ফকির আলমগীর এখন আর আগের মতো নতুন গান রেকর্ড করেন না। করলেও সেটি বিশেষ দিবসকে ঘিরে প্রকাশ হয়।
অনেকদিন পর সাধারণ সময়ে প্রকাশ হলো তার নতুন একটি গানচিত্র। নাম ‘মানুষ’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়।
ইমতিয়াজ মেহেদী হাসানের কথায় হাবিব মোস্তফার সুরে গানটির সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। কথাগুলো এমন—মানুষের মতো দেখতে হলেও/ মানুষ তোমরা নও/ দানবের মতো ব্যবহার দিয়ে মানুষ সাজতে চাও/ সাহায্যের নামে বাড়িয়ে হাত পিছু টেনে কেন ধরো/ বাঁচতে বলার টিকিট দিয়ে আবার কেন মারো...।
গানটি সম্পর্কে ফকির আলমগীর বলেন, ‘কথাগুলো পড়ে একবাক্যে গাওয়ার জন্য রাজি হয়ে যাই। গাইতে গিয়ে দেখি সুরটাও সুন্দর। মনে হয়েছে, গানটি যেন আমার জন্যই তৈরি হলো। জয় হোক মানুষের, দানবের নয়—এই স্বপ্ন নিয়ে আজীবন গান করেছি। এবারও করলাম।’