এবারই প্রথম বন্ধুদের নিয়ে তার এই উদ্যোগ।
এটা হচ্ছে কাজল আরেফিন অমির চিত্রনাট্য থেকে আগাম ঘটনা তুলে ধরা। তবে এখানে আরও একটি নতুন খবর জানালেন ‘ব্যাচেলর পয়েন্ট’ কর্তা অমি। সেটি হলো, এবারই প্রথম তুমুল জনপ্রিয় এই নাটকের টিম নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন এই নির্মাতা।
জানা কথা, তিন সিজন ধরে তুমুল জনপ্রিয়তা নিয়ে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এখন চলছে সিজন থ্রি। এর মূল চার চরিত্রে এই সিজনে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ (কাবিলা), চাষী আলম (হাবু), মারজুক রাসেল (পাশা ভাই) ও মিশু সাব্বির (শুভ)।
‘ব্যাচেলর পয়েন্ট’ সদস্যদের এই নোয়াখালী ভ্রমণ প্রসঙ্গে কাজল আরেফিন অমি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি বেরিয়ে পড়ার। ঢাকায় তো অনেক দিন ধরে আছি। নিজেদের কাজের ক্যানভাস বাড়ানো এবং দর্শকদের জন্য বৈচিত্র্য খোঁজার প্রকল্প হিসেবেই আমাদের এই নোয়াখালী ভ্রমণ। তাছাড়া চরিত্র হিসেবে কাবিলাও অস্থির হয়ে আছে, তার মা ও প্রেমিকাকে দেখার জন্য। আমার বিশ্বাস, সিরিজে নতুন বাঁক নেবে এই ভ্রমণ।’
অমি জানান, চলতি মাসের শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের প্রথম দিকে তারা নোয়াখালী ভ্রমণে পুরো ইউনিট বের হবেন। যার মাধ্যমে তুলে আনবেন সেই অঞ্চলের মানুষ, জীবন ও প্রকৃতির গল্প।
অমি বলেন, ‘দেখুন চাইলে আমরা পুবাইলে শুটিং করেও নোয়াখালী বলে চালিয়ে দিতে পারি। কিন্তু এই অসততা আমরা দর্শকদের সঙ্গে করবো না। আমার ইচ্ছা, কাবিলার পর অন্য সদস্যদের এলাকাতেও পর্যায়ক্রমে নিয়ে যাওয়া। যার মাধ্যমে পুরো বাংলাদেশের একটা চিত্র উঠে আসবে সিরিজটিতে।’
বলা দরকার, কাবিলার মা পলি চেয়ারম্যান চরিত্রে অভিনয় করছেন গুলশান আরা। অন্যদিকে কাবিলার প্রেমিকা রোকেয়া চরিত্রে কে অভিনয় করবেন সেটি এখনও প্রকাশ করতে চাইছেন না নির্মাতা-নাট্যকার অমি।
অমির ভাষায়, ‘রোকেয়াকে এখনও আমরা পর্দায় তুলিনি। এটা চমক হিসেবেই আসবে। দেখা যাক।’
ব্যাচেলর পয়েন্ট-এর প্রচারিত শেষ পর্ব:
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন থ্রি নিয়মিত দেখা যাচ্ছে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়, ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মুকিত জাকারিয়া, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, তামিম মৃধা, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, নাদিয়া আফরিন মিম, সাবিলা নূর, এফএস নাঈম, মাসুম বাসার, তাসনুভা এলভিন, সিফাত শাহরিন, নাজমুল হাসান নাঈম প্রমুখ।