ফরিদুর রেজা সাগরের ‘পঞ্চাশ বছরের বাড়ি’

ফরিদুর রেজা সাগর, আগুন ও নাদিয়া নদীমহান বিজয়ের মাসের প্রহর থেকেই পুরো মাসব্যাপী চ্যানেল আই প্রচার করবে মুক্তিযুদ্ধের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানমালা। এ ধারাবাহিকতায় শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিক্যুয়েলের গল্প নিয়ে এবার নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘পঞ্চাশ বছরের বাড়ি’।
নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১৫তম নাটক।
এক ঘণ্টার এ নাটক নির্মাণ সম্পর্কে অরুণ চৌধুরী বলেন, ‘প্রতি বছর বিজয় দিবস এলে আমি বিশেষ নাটক নির্মাণ করি। এটা ২০১২ সাল থেকে নিয়মে দাঁড়িয়েছে। এবারের নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মামুনুর রশীদ, আবদুল্লাহ রানা, আগুন, নাদিয়া নদী ও অবিদ রেহানকে।’
নাটকটির গল্পে দেখা যাবে ওরা চার বন্ধু। একসাথে মুক্তিযুদ্ধ করেছে। একসময় কিনে রাখে বিশাল এক জমি। স্বপ্ন ছিল যুদ্ধ শেষে একটি লাইব্রেরি করার। সেখানে থাকবে শুধু যুদ্ধ স্মৃতি। কিন্তু পঞ্চাশ বছর পর সব স্বপ্ন ওলট-পালট হয়ে যায়। ঘটতে থাকে নানা ঘটনা। ১৬ ডিসেম্বর রাত ৮টায় নাটকটি চ্যানেল আইতে দেখানো হবে।