অবশেষে জানা গেলো তারা কারা! পরিচালক ইফতেখার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েক মাসে বেশ কয়েকজন নায়কের নাম আমরা প্রকাশিত করেছি। গতকাল (৬ ডিসেম্বর) সর্বশেষ জনের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তিনি হলেন রাশেদ মামুন অপু। তাকে আমরা জাঁদরেল অভিনেতা হিসেবেই চিনি। এবার তিনি আসছেন নায়কের ভূমিকায়।’
এদিকে জানা যায়, ছবিতে বাকি ছয় নায়ক হিসেবে আছেন আমান রেজা, কায়েস আরজু, আদর আজাদ, সাইফ খান, ক্রিস্টিয়ানো তন্ময় ও আরেফিন জিলানি। অতিথি চরিত্রে থাকবেন আনিসুর রহমান মিলন ও খিজির হায়াত খান।
এর গল্প প্রসঙ্গে জানা যায়, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা।
রাজ রিপা বলেন, ‘ছবিতে আমি ১৭ থেকে ১৮ বছরের এক মেয়ে। এর জন্য নোয়াখালীর ভাষা শিখছি। নিজে আরও গ্রুমিং হচ্ছি। বাইক চালানোতে আরও দক্ষ হয়েছি। ইফতেখার স্যার আমাকে মার্শাল আর্ট শেখার ব্যবস্থা করে দিয়েছেন। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যা কিছু করার দরকার সবই করছি।’
জানা যায়, ডিসেম্বরের ২০ তারিখ থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।