১০ বছর পর আবার এক হচ্ছেন তারা।
অনন্ত প্রযোজক হিসেবে নির্মাণ করছেন নতুন ছবি। নাম ‘নেত্রী—দ্য লিডার’! যা পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এতে প্রধান দুই চরিত্রে থাকছেন অনন্ত ও বর্ষা।
গতকাল (৭ ডিসেম্বর) রাতে ইফতেখারের ‘মুক্তি’ ছবির মহরতে অংশ নিয়ে এ ঘোষণা দেন অনন্ত জলিল।
তিনি বলেন, ‘সবার আগে ইফতেখার ভাই আমাকে ও বর্ষাকে নিয়ে ছবি নির্মাণ করেছিলেন। ১০ বছর তার সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি ছিল, এটা মিডিয়ার অনেকেই জানেন। যে কারণে এতদিন আমরা একসঙ্গে কাজ করিনি। আমরা আবার ফিরছি। ছবিটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে।’
তিনি জানান, ছবির অন্য শিল্পীদের নাম আরও পরে ঘোষণা করা হবে। ইতোমধ্যে অনন্ত তুরস্ক গিয়ে ছবির কাজের বিষয়টি এগিয়েও নিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় অনুষ্ঠান করে বিষয়টি সবাইকে জানাবেন অনন্ত।
অন্যদিকে সম্প্রতি একই দেশে অনন্ত-বর্ষা শেষ করেছেন বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার ছবি ‘দিন—দ্য ডে’-এর কাজ। শিগগিরই এটি মুক্তি পাবে।