দুই প্রজন্মের অন্যতম দুই মডেল মৌ ও নাবিলা। দু’জনের কাজের সংখ্যা কম হলেও মানের বিচারে বরাবরই ব্যতিক্রমী ছাপ রেখে চলেছেন।
এই দুই তারকার সঙ্গে এবার যুক্ত হলেন দুই শতাধিক নৃত্য ও ফ্যাশন শিল্পী! তাও আবার একটি গানের ভিডিওতে। সম্প্রতি বড় ক্যানভাসের এই বর্ণিল কাজটি করেছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এতে তিনি রয়েছেন নির্মাতা, প্রযোজক ও কণ্ঠশিল্পী হিসেবে! গানটিতে তার সহশিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঐশী।
‘মনে লয় আবার সেই’ শিরোনামের গানটি লিখেছেন জীবন ফারুকী। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। সম্প্রতি গাজীপুরে গানটির ভিডিও শুটিং হয়েছে। এতে মৌ-নাবিলা ছাড়াও অংশ নিয়েছেন নিরব, আসিফ, সারিকা সাবাহসহ দুই শতাধিক মডেল।
আসছে পহেলা বৈশাখ উপলক্ষে এটি প্রকাশ হবে বিশ্বরঙ-এর ব্যানারে।
বিপ্লব সাহা বললেন, ‘আমি মনে করি সব সৃষ্টিশীল কাজই ঈশ্বরের ইশারায় হয়। এই গানটির ক্ষেত্রেও তা-ই হয়েছে বলে বিশ্বাস করি। তা না হলে, এত বড় আয়োজন সুন্দরভাবে শেষ করা সম্ভব ছিল না। আমি প্রফেশনাল কণ্ঠশিল্পী নই। তবে শখের বসে গাইবার চেষ্টা করি। এবারের গানটি গাইতে গিয়ে অন্যরকম এক ঘোরের মধ্যে হারিয়ে গেছি। দারুণ লেগেছে।’