এবার চলচ্চিত্রে মিথিলা, নায়ক নিরব

তিন দশকের ক্যারিয়ার রাফিয়াথ রশিদ মিথিলার। নিয়মিতই নাটক-বিজ্ঞাপন-গানে এসেছেন, কাজ করেছেন ওয়েব ফিল্মেও। তবে মূলধারার চলচ্চিত্রে তাকে দেখা যায়নি।

এবার সেটাই হচ্ছে। অভিনয় করছেন অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিতে। এতে তাকে দেখা যাবে চিত্রনায়ক নিরবের বিপরীতে।

গতকাল (২০ মার্চ) চুক্তিবদ্ধ হয়েছেন নিরব ও মিথিলা।

এদিকে চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন গত সপ্তাহে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাস্তব ঘটনা নিয়ে চলচ্চিত্রটি তৈরি হবে। এর শুটিং হবে সুন্দরবনে।’

তিনি জানান, চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করেন তিনি। কিছু দিন আগে গল্প লেখা সম্পন্ন হয়। এরপর থেকে শুটিংয়ের প্রস্তুতি নিয়েছেন তারা।

‘অমানুষ’-এর মূল গল্প অনন্য মামুনের, আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।

জানা যায়, আগামী ২৫ মার্চ থেকে শুটিং শুরু হবে।