লকডাউন, তাই পরীমনির শুটিং প্যাকআপ

লকডাউন ঘোষণার পর থেকে নাটক-সিনেমার শুটিং চলা না চলা নিয়ে দ্বিধাবিভক্ত সংশ্লিষ্টরা। সংগঠনগুলোর বক্তব্যেও বেশ ঢিলেঢালা ভাব।

বিষয়টি এমন দাঁড়ালো, কেউ চাইলে শুটিং করতে পারেন। না চাইলেও পারেন! তবে যা করার স্বাস্থ্যবিধি মেনেই করবেন।

এমন সিদ্ধান্তহীন পরিস্থিতিতে লকডাউন সিদ্ধান্তকে স্বাগত জানালো পরীমনি ও তার ‘মুখোশ’ টিম। ঘোষণা এলো, চলমান শুটিং প্যাকআপের।

ইফতেখার শুভ পরিচালিত সরকারি অনুদানের এই ছবির কাজ চলছিল দ্রুতলয়ে। সম্প্রতি বইমেলা, পদ্মারচর, এফডিসি হয়ে দেশের বিভিন্ন লোকেশনে চলছিল ছবির শুটিং। যা স্থগিত করা হলো শনিবার (৩ এপ্রিল) বিএফডিসিতে শুটিংয়ের মধ্য দিয়ে।

পদ্মার চরে পরী, মগজে কিছু প্রজাপতি...

নির্মাতা ইফতেখার শুভ বলেন, ‘সরকার ঘোষিত লকডাউনের কারণে শুটিং স্থগিত করেছি আমরা। লকডাউন শিথিল হলে রোজার ঈদের পর বাকি শুটিং সম্পন্ন করবো। আমাদের মূলত অল্প ক’টি দৃশ্য আর গানের শুটিং বাকি আছে। এক সপ্তাহ সময় পেলে এটিও শেষ করতে পারতাম। কারণ, খুব গতি নিয়ে আমরা এবারের কাজটি করছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গতকাল রাতে সবাই মিলে প্যাকআপের সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আগে বাঁচা জরুরি।’

সাম্প্রতিক শুটিংয়ে নির্মাতা, নায়ক ও নায়িকা‘মুখোশ’-এ পরীর বিপরীতে আছেন রোশান। আরও অভিনয় করছেন মোশাররফ করিম, ইরেশ যাকের, প্রাণ রায়, অলংকার, ইলিনা শাম্মী, তারেক স্বপন প্রমুখ।

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’ পরিচালনার পাশাপাশি এটির গল্প-চিত্রনাট্য ও প্রযোজনা করছেন ইফতেখার শুভ নিজেই।

ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে কোরবানির ঈদে।

৩০ মার্চ সন্ধ্যায় বইমেলায় পরীমনি, কিন্তু কেন!