ভারতের চলমান কোভিড প্রলয়ে সম্মুখ সারিতে না থাকলেও একটা সারিতে বেশ তৎপর বলিউড তারকারা। এবার অন্যরকম এক সংবাদ পাওয়া গেলো বলিউড হাঙ্গামা ডটকম-এ।
নায়ক-নায়িকাদের নাচ দেখে বাহবা দেন দর্শকরা। কিন্তু যে মানুষটা তাদের সেই নাচের মুদ্রা ধরিয়ে দিচ্ছেন, সেই কোরিওগ্রাফারের অবদানও কিন্তু কম না। তেমনই এক তারকা কোরিওগ্রাফার গণেশ আচার্য। আর কদিন পর সেই গণেশের ৫০তম জন্মদিন।
অক্ষয় কুমার তার খুব কাছের বন্ধু। তাই বন্ধু তার বিশেষ জন্মদিনে কী উপহার চায় জানতে চাইলেন অক্ষয়। গণেশ বললেন, ১৬০০ জুনিয়র কোরিওগ্রাফার ও প্রায় দুই হাজার নেপথ্যের নৃত্যশিল্পী আছেন, যাদের চুলোয় আগুনটাও জ্বলছে না। একটা মাস যেন তাদের রেশনের দায়িত্বটা নেন অক্ষয়। বন্ধুর এমন উদার চাওয়ায় না করতে পারেননি বলিউড খিলাড়ি। বলিউডের নাচের সঙ্গে জড়িত তিন হাজার ছয়শ’ জনের এক মাসের রেশনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেন।
পুরো কাজটা তদারকি করবে গণেশেরই গড়ে তোলা একটি ফাউন্ডেশন- গণেশ আচার্য ফাউন্ডেশন। আর রেশন বিতরণের আগাগোড়া নিজের হাতে তত্ত্বাবধান করছেন গণেশের স্ত্রী।