দ্বিতীয় দফার প্রথমেই জায়েদ

প্রায় দুই মাস বন্ধ থাকার পর করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন আবার চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দ্বিতীয় এ দফায় টিকা নিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

আজ (১০ জুলাই) বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে এটি নেন তিনি।

জায়েদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথম দফাতেই নেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু বাস্তবতার কারণে সেটা সম্ভব হয়নি। তাই এবার আর দেরি করিনি।’

জায়েদ সিনোফার্মের টিকা পেয়েছেন। আজ দুপুরে জায়েদ বাংলাদেশ পুলিশের এ হাসপাতালে যান। হলুদ টি-শার্ট পরিহিত জায়েদ চোখে সানগ্লাস পরে টিকা নেন।

জানান, টিকা নেওয়ার সময় খুব একটা টের পাননি। বলেন, ‘আশা করছি, দেশের সব নাগরিকদের মতোই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিটি সদস্য টিকা পাবেন। বিষয়টি কর্মক্ষমসহ সকল নাগরিকের জন্য জরুরি হয়ে পড়েছে।’