মানিক ও রতন দুই অন্তরঙ্গ বন্ধু। সারা দিন একসঙ্গে থাকে। তাদের স্বভাব একইরকম। দুজনে একই পোশাক পরে। দুষ্টুমিতেও সবার আগে থাকে। কিন্তু লেখাপড়ায় মন নেই এই মানিক জোড়ের।
এমন দুটি চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও তামিম মৃধা। শুধু তা-ই নয়, চরিত্রের প্রয়োজনে একসঙ্গে গানও গেয়েছেন তারা!
নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কেএম সোহাগ রানা।
নির্মাতা রাজ বলেন, ‘মানিক ও রতন মজার দুই তরুণের গল্প। দুই চরিত্রে শামীম ও তামিমের অভিনয় দর্শকদের আনন্দ দেবে। তারা ভালো গানও গাইতে পারেন। তাই নাটকের গানটি তাদের দিয়েই গাওয়ানো হয়েছে।’
গানটির কথা ও সুর করেছেন তামিম মৃধা, সংগীতায়োজনে আরাফাত মহসিন নিধি।
চলতি মাসেই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উন্মুক্ত হচ্ছে ‘মানিক রতন’। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, নাটকটির সিক্যুয়েল তৈরি হবে শিগগিরই।