সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল (৩০ অক্টোবর) রাজপথে সমাবেশ করেছিল টেলিভিশনের ১৫টি সংগঠনের মোর্চা ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন’ (এফটিপিও)। একদিন পর অর্থাৎ আজ (৩১ অক্টোবর) একই কায়দায় প্রতিবাদ জানালো চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। এরমধ্যে আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজকসহ ১৯টি সংগঠন।
বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটকের সামনে মানববন্ধন করেন তারা।
এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ। যেকোনও প্রকার মৌলবাদের বিরুদ্ধে আমাদের সুদৃঢ় অবস্থান। যে কতিপয় স্বার্থান্বেষী ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত, আমরা তাদের ধিক্কার জানাই। সাম্প্রতিক সময়ে যারা মন্দির, পূজামণ্ডপে হামলা করে সম্প্রীতির বন্ধন ছিন্ন করার প্রয়াসে আমাদের রক্তাক্ত করেছে, আমরা তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি।’
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়া দিঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে দেশের রংপুর, চাঁদপুর, সিলেট, কিশোরগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত হয় পাঁচ জন। মামলা হয়েছে অন্তত ৭২টি। এখন পর্যন্ত গ্রেফতার পাঁচ শতাধিক।