নায়িকার অভিষেক, নায়ক হলেন গায়ক

একসঙ্গে দুটো বিষয় ঘটলো। প্রথমবার গানে কণ্ঠ দিলেন টিভি নায়ক ইরফান সাজ্জাদ। তাও আবার চট্টগ্রামের আঞ্চলিক গান। অন্যদিকে একই নাটকে নায়িকা হিসেবে অভিষেক হলো মডেল ফাতিমা আক্তার আদিবার।

এই দুজনকে নিয়ে ‘মনের মতো’ নামের নাটকটি বানালেন রাহাত মাহমুদ। আর খবরটি জানালেন এর নাট্যকার জাফরীন সাদিয়া।

নাটকটির গল্প এমন—রাফাত ও রুপা, দুজনই দু’জনকে পছন্দ করে। কিন্তু কেউ কাউকে মুখফুটে বলতে পারে না। দু’জনের ভেতরে দ্বিধা কাজ করে। একটা সময় রুপার পরিবার থেকে বিয়ে ঠিক করে অন্যত্র। পরিস্থিতি জটিল হতে থাকে। ভালোবাসার মানুষটা যখন হাতছাড়া হতে থাকে, তখনই মরিয়া হয়ে ওঠে রুপা। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা।

নাটকটি প্রসঙ্গে জাফরীন সাদিয়া বলেন, ‘নতুন নায়িকা হিসাবে ফাতিমা আক্তার আদিবা বেশ ভালো করেছে। গ্রাম্য পরিবেশে ছিমছাম একটি সাধারণ প্রেমের গল্প এটি। শুধু অভিনয়ে নয়, ইরফান সাজ্জাদের গানের গলাও বেশ ভালো। সেটির প্রমাণও মিলবে এই নাটকে। প্রথমবার তিনি একটি  জনপ্রিয় আঞ্চলিক গান গাইলেন। নাটকটির কিছু সুন্দর মুহূর্ত গানটিকে আরও জীবন্ত করে তুলেছে।’

আদিবাশিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি সম্প্রচার হবে। একই সময়ে এটি উন্মুক্ত হবে জাফরীন স্টুডিও নামের ইউটিউব চ্যানেলে। এ নাটকে ইরফান সাজ্জাদ ও ফাতিমা আক্তার আদিবা ছাড়াও অভিনয় করেছেন শেলী হাসান, মাহাদী হাসান পিয়াল, ফয়সাল আবরার প্রমুখ।