সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ দিবস ১৫ নভেম্বর। আবেগঘন দিবসটি উপলক্ষে সৌমিত্রের স্মৃতিচারণায় মুখর থাকবে দুই বাংলা।
তারই ধারাবাহিকতায় এদিন অন্তর্জালে উন্মোচিত হতে যাচ্ছে সৌমিত্র অভিনীত অপ্রকাশিত চলচ্চিত্র ‘৭২ ঘণ্টা’র অফিশিয়াল পোস্টার।
ভারতীয় নির্মাতা অতনু ঘোষ পরিচালিত চলচ্চিত্রটি চরকিতে মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।
একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের আত্মহত্যার পর ৭২ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া ছয়টি ঘটনাকে একসঙ্গে বাঁধা হয়েছে এই একটি ছবিতে। ছবির ফ্রেমে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সেই সঙ্গে আরও দেখা যাবে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, অনন্যা চ্যাটার্জি, সুদীপ্তা, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জিসহ অনেককে।
‘রবিবার’ চলচ্চিত্রখ্যাত পরিচালক অতনু ঘোষ ছবিটির মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। বলছেন, ‘এটি আমার ষষ্ঠ চলচ্চিত্র। ছবিটি বাংলাদেশের ওটিটিতে মুক্তি পাচ্ছে। এটাও একটা বাড়তি বিষয়।’
গত বছর করোনায় আক্রান্ত হয়ে ১৫ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে ‘অপুর সংসার’-এ প্রবেশের পর একটানা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। তার অভিনীত অন্যতম ছবিগুলো হলো ‘দেবী’, ‘তিন কন্যা’, ‘চারুলতা’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘অশনিসংকেত’, ‘ঝিন্দের বন্দী’, ‘অপরিচিত’, ‘তিন ভুবনের পাড়ে’, ‘আতঙ্ক’, ‘পারমিতার একদিন’, ‘বেলা শেষে’, ‘ময়ূরাক্ষী’ প্রভৃতি।
চলচ্চিত্রের পাশাপাশি অনেক নাটকেও অভিনয় করেছেন; লিখেছেন গান ও নাটক। ছিলেন অসামান্য আবৃত্তিকার।