তিনটি আলাদা গল্প নিয়ে তৈরি হয়েছে অসাধারণ এক অমনিবাস চলচ্চিত্র ‘জাগো বাহে’। আলাদা হলেও একটি সুতোয় বাঁধা গল্পগুলোর মূল সুর। সেটি হলো বাঙালির মুক্তির লড়াই।
যার প্রথম পর্ব ‘শব্দের খোয়াব’ অন্তর্জালে মুক্তি পেয়েছে ৯ ডিসেম্বর। ভাষা আন্দোলন নিয়ে চঞ্চল চৌধুরী অভিনীত এই পর্বটি দাগ কেটেছে মানুষের মনে। সপ্তাহ ঘুরতেই এবার মুক্তি পাচ্ছে দ্বিতীয় পর্ব ‘লাইটস, ক্যামেরা…অবজেকশন’!
এই পর্বটি তৈরি হয়েছে এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। নির্মাণ করেছেন সালেহ সোবহান অনীম। তিনি জানান, ১৯৭০ সালের প্রেক্ষাপটে গল্পটি সাজানো। যেখানে দেখা যাবে পাকিস্তান চলচ্চিত্র সেন্সর বোর্ড কালজয়ী নির্মাতা জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ আটকে দেয়!
এতে জহির রায়হানের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, আমজাদ হোসেনের চরিত্রে মীর নওফেল এবং রাও ফরমান আলী চরিত্রে ইন্তেখাব দিনার।
১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় মুক্তি পাচ্ছে ‘লাইটস, ক্যামেরা…অবজেকশন’।
পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘এই সিনেমাটা সংলাপনির্ভর। আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং পর্যন্ত লেখকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর সব মিলিয়ে অভিনেতারা শুটিংয়ের সময় বড় সাপোর্ট দিয়েছেন।’
প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘‘জাগো বাহে’র প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর দর্শকের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে এই সিরিজের দ্বিতীয় পর্ব ‘লাইটস, ক্যামেরা… অবজেকশন’। সাংস্কৃতিক মুক্তি আন্দোলনের জোরালো প্রতিবাদের এই গল্প আমাদের নতুন করে ভাবাবে। আশা করি, সালেহ সোবহান অনীমের এই নির্মাণ দর্শকদের অনুপ্রাণিত করবে।’’
এই অমনিবাস চলচ্চিত্রের তৃতীয় ও শেষ পর্ব ‘বাংকার বয়’। মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। ভারতের ক্যাম্পে আশ্রয় নেন ১৮ বছরের এক কিশোর। তার হৃদয়বিদারক একটি গল্প তুলে ধরা হয়েছে এতে। এটি পরিচালনা করেছেন সুকর্ণ শাহেদ।