শীত মানেই কনসার্ট; আর কনসার্ট মানেই ব্যান্ড! সেই রেশ ধরে ২৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বড়সড় রক ফেস্ট। এতে অংশ নেবে দেশের অন্যতম ১৫টি ব্যান্ড।
এমনটাই জানালো আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকার লিমিটেড। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে এই উৎসব।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির বসুন্ধরার নবরাত্রি হল-এ এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান। এতে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের চিফ করপোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স তৈমুর রহমান, ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনের ডিরেক্টর কাজী উরফী আহম্মেদ প্রমুখ।
আয়োজকরা জানান, করোনার কারণে গত বছর ব্যান্ডপ্রেমীদের জন্য এই আয়োজন করতে না পারলেও এ বছর রাজধানীবাসিকে মাতাতে এবং ২০২১ সালকে বিদায় জানাতে আয়োজন করা হচ্ছে ‘ঢাকা রক ফেস্ট ২.০’। দিনব্যাপী এই কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ, অর্থহীন, অ্যাভয়েডরাফা, ক্রিপটিকফেট, ইনডালো, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, ব্রক্ষ্মপুত্র, দ্য ট্রি, সাবকনসাস, আফটারম্যাথ, থ্র্যাস, আরেকটা রক ব্যান্ড ও ক্যালিপসো।
২৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘ঢাকা রক ফেস্ট ২.০’-এর গেইট খুলে দেওয়া হবে। অনুষ্ঠান চলবে ১১টা থেকে সারাদিনব্যাপী। টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। পাওয়া যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত getsetrock.com-এই ঠিকানায়।