স্থান পূর্ব পাকিস্তান। সাল একাত্তরের প্রথমভাগ। একটি দরিদ্র পরিবার। যে পরিবারে একজন শিশু আছে, আছে তার পোষা ময়না পাখি। চারদিকে শুরু হলো যুদ্ধের দামামা। ভিটেমাটি ছাড়তে হলো পরিবারটিকে।
এখানেই শেষ নয়, বরং ঘটনার শুরু। ময়নাটিকে ভালোবাসার অপরাধে পরিবারটির ওপর নেমে আসে নির্মম পরিণতি। এমনই এক করুণ ময়না-প্রেমের গল্প উঠে আসবে বিটিভি পর্দায়।
‘একটি ময়না পাখির গল্প’ শিরোনামের বিশেষ এই নাটকটি রচনা করেছেন ইকবাল খন্দকার। নির্মাণ করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী।
সম্প্রতি বিটিভির ড্রামা স্টুডিও, আফতাবনগর ও এর আশপাশের এলাকায় শুটিং হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আরমান পারভেজ মুরাদ, ফারহানা মিলি, রফিকুল্লাহ সেলিম, মুকুল সিরাজ, শোয়েব মনির, আনোয়ার, হাসান মাহমুদ, শিশুশিল্পী ওমর ফারুক এবং উদীচী শিল্পীগোষ্ঠীর একদল অভিনয়শিল্পী।
সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, ‘মর্মস্পর্শী গল্প বলতে যা বোঝায়, এই নাটকের গল্পটি তা-ই। আর এই গল্পটিকে ফুটিয়ে তোলার জন্য যা যা করা দরকার, আমরা চেষ্টা করেছি। এক্ষেত্রে গ্রামীণ পটভূমির দৃষ্টিনন্দন একটা সেট নির্মাণ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা পেয়েছি বিটিভির পক্ষ থেকে। দারুণভাবে সহযোগিতা করেছেন অভিনয়শিল্পীরাও। সব মিলিয়ে খুব ভালো কিছু করার চেষ্টা ছিল। এই চেষ্টা কতটুকু সফল হয়েছে, সেই বিচার করবেন দর্শক।’
‘একটি ময়না পাখির গল্প’ প্রচার হবে শনিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায়, বাংলাদেশ টেলিভিশনে।