বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২০২৪) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়ার বিষয়ে চিত্রনায়িকা নিপুণ বলেছেন, ‘আমি হারিনি, হেরে গেছে বাংলাদেশ। পুরো দেশ থেকে আমি যেই সমর্থন পেয়েছি, তার সামনে জায়েদ খানের চক্রান্ত দাঁড়াতে পারে না।’
রবিবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চিত্রনায়িকা নিপুণ।
প্রধানমন্ত্রীকে এফডিসিতে আসার আহবান জানিয়ে নিপুণ বলেন, ‘এই যুদ্ধটা আমি করেছি, প্রধানমন্ত্রী আপনি এখানে আসুন, এই চক্রকে ধরেন। এই চক্রকে ধরতে না পারলে আমাদের চলচ্চিত্রকে বাঁচানো যাবে না।’
‘পীরজাদা হারুন ও জায়েদ খান একটা গ্যাং’ অভিযোগ করে নিপুণ বলেন, ‘জায়েদ খান, নির্বাচন কমিশন এবং এফডিসির এমডি এই তিনজন মিলে চক্র করে আমাদের বিপক্ষে কাজ করেছে। এর তদন্ত করা দরকার।’
সংবাদ সম্মেলনে, ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক রিয়াজ, সায়মনসহ কাঞ্চন-নিপুণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।