ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের ৭৫তম আসরে সর্বাধিক ১১টি শাখায় মনোনীত হয়েছে ‘ডিউন’। কাছাকাছি তালিকায় রয়েছে আরও বেশ ক’টি ছবি।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মনোনয়ন তালিকা ঘোষণা করে ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)।
সেখানে দেখা যায়, সেরা চলচ্চিত্রসহ দ্বিতীয় সর্বাধিক আটটি শাখায় মনোনীত হয়েছে নিউজিল্যান্ডের নারী পরিচালক জেন ক্যাম্পিয়নের ওয়েস্টার্ন ঘরানার ছবি ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। ব্রিটিশ অভিনেতা-নির্মাতা কেনেথ ব্রানার শৈশবের স্মৃতি অবলম্বনে সাদাকালো কমেডি ছবি ‘বেলফাস্ট’ পেয়েছে সেরা চলচ্চিত্রসহ ছয়টি মনোনয়ন। উত্তর আয়ারল্যান্ডে তিন দশকের সংঘাত শুরুর পটভূমিতে তৈরি হয়েছে এটি।
সেরা পরিচালক বিভাগে মনোনীত ছয় জনের অর্ধেক নারী। তারা হলেন, কান উৎসবে স্বর্ণ পামজয়ী জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও জুলিয়া দুকুরনো (তিতান) এবং অদ্রে দিওয়ান (হ্যাপেনিং)। ফরাসি নির্মাতা অদ্রের ছবির বিষয়বস্তু ষাটের দশকের অবৈধ গর্ভপাত। সেরা পরিচালক শাখায় তিন নারী নির্মাতার প্রতিদ্বন্দ্বী জাপানের রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার), যুক্তরাষ্ট্রের পল থমাস অ্যান্ডারসন (লিকোরিস পিৎজা) ও যুক্তরাজ্যের আলিম খান (আফটার লাভ)।
সেরা অভিনেতা শাখায় টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার চরিত্রে অভিনয়ের সুবাদে মনোনয়ন পেয়েছেন আমেরিকান তারকা উইল স্মিথ। বাফটায় এটাই তার প্রথম মনোনয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য গড’ ছবিতে ১৯২০ দশকের একজন ভীতিকর কাউবয় চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ। ‘ডোন্ট লুক আপ’ ছবিতে পৃথিবী গ্রহকে বাঁচাতে মরিয়া বিজ্ঞানীর ভূমিকায় কাজ করা লিওনার্দো ডিক্যাপ্রিও আছেন মনোনীত তালিকায়। সেরা অভিনেতা শাখায় আরও জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের মাহেরশালা আলি (সোয়ান সং) এবং যুক্তরাজ্যের স্টিফেন গ্রাহাম (বয়লিং পয়েন্ট) ও আদিল আখতার (আলি অ্যান্ড আভা)।
আগামী ১৩ মার্চ লন্ডনের রয়েল আলবার্ট মিলনায়তনে সশরীরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন।
ব্রিটেনের চলচ্চিত্রবিষয়ক সর্বোচ্চ পুরস্কার বাফটা। এতে মনোনীত কিংবা বিজয়ীরা অস্কার দৌড়ে সাধারণত এগিয়ে থাকেন। গত বছর বাফটায় সেরা চলচ্চিত্র ‘নোম্যাডল্যান্ড’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও সেরা চলচ্চিত্র পুরস্কার জেতে। এছাড়া বাফটার প্রায় সব শাখার বিজয়ীরা অস্কারেও সেরা হয়েছে গত বছর।