ঢাকায় টানা ১৮ বছরের ক্যারিয়ার, তরুণ সংগীত পরিচালকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। যার সুরে গান করেছেন বলিউডের সুনিধি থেকে বাংলার নোবেল। গায়ক হিসেবেও ছিলো ভালো নাম। সেই আহম্মেদ হুমায়ূন গত বছর ঢাকার সকল বাঁধন ছিঁড়ে ফিরে গেলেন জন্মস্থান রাজশাহী শহরে।
শুরুতেই গড়লেন নিজের রেকর্ডিং স্টুডিও। সেখান থেকেই গানের কাজটি নিয়মিত চালিয়েছেন। এবার রাজশাহী শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় গড়লেন গান, নাটক ও সিনেমা তৈরির প্রযোজনা প্রতিষ্ঠান। নাম রেখেছেন বাংলাটিউব এন্টারটেইনমেন্ট।
১৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো বাংলাটিউব এন্টারটেইনমেন্ট-এর। এটি উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। সাথে ছিলেন রাজশাহীর বেশকিছু কলাকুশলীরা এবং বাংলাটিউব এন্টারটেইনমেন্ট টিমের সদস্যরা।
রাজশাহীতে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা প্রসঙ্গে আহম্মেদ হুমায়ূন বলেন, ‘রাজশাহী বিশাল একটা বিভাগীয় শহর এবং নিজস্ব শিল্প সংস্কৃতির শহর। তাই নিজেদের শিল্প সংস্কৃতি দেশের মানুষ ও বিশ্বের কাছে তুলে ধরার জন্যই এমন চিন্তা। সাথে বাণিজ্যিকভাবেও এই শহরের শিল্পটাকে এগিয়ে নেয়ার অনেক ইচ্ছে আমার।’