আগেই ঠিক ছিল- নায়ক অনন্ত আর নায়িকা কারিনা কাপুর। মঞ্চের পাটাতনও প্রস্তুত। কিন্তু তারা কি সুরের মূর্ছনায় একে অপরের পাশে দাঁড়াবেন? যৌথভাবে দর্শকদের মন মাতাবেন?
এ প্রশ্নটিই ঘুরে ফিরে এলো 'ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে' শিরোনামের কনসার্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে।
বুধবার দুপুরে রাজধানী একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল এটি। এতে উপস্থিত ছিলেন আয়োজনের অন্যতম আকর্ষণ অনন্ত জলিল।
প্রথমে তিনি সরাসরি উত্তর দিতে চাইলেন না। একটু ঘুরিয়ে বললেন, 'সব যদি জেনে যায় দর্শকরা, তাহলে তো আকর্ষণ থাকে না। কারিনা ও আমার নাচের বিষয়টা রহস্যই থাক।'
কিন্তু উত্তর যে চাই-ই চাই! তাই তাকে আবারও মাইক্রোফোন নিতে হলো। 'হ্যাঁ, আমরা নাচব। তবে কীভাবে কী হবে, তার কোরিওগ্রাফি এখনই বলা যাচ্ছে না। যেহেতু বড় আয়োজন, আমিও দীর্ঘ সময় এ উদ্যোগের সঙ্গে থাকব। আর আমরা আসলে একসঙ্গে নাচব কিনা, তা আয়োজকরা ভালো বলতে পারবেন।'
কারিনার সঙ্গে নাচার ব্যক্তিগত কোনও ইচ্ছে আছে কিনা- জানতে চাইলে প্রথমে অনন্ত খানিক হেসে নিলেন। তারপর বললেন, ‘না, আসলে এটা ব্যক্তিগত কোনও ইচ্ছে নয়। আমি চাইলে তো নাচতেই পারি।’
কনসার্টের আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বললের বাকিটা। তার ভাষ্য, 'এজে (অনন্ত জলিল) যখন সব রহস্য তুলে ধরতে চাচ্ছেন না। তাই আমাদেরও না বলাটাই শ্রেয়। তবে আমাদের পরিকল্পনা আছে বিশেষ কিছু করার।'
অনুষ্ঠানে কথা হলো অনন্ত কীভাবে উপস্থিত হবেন তা নিয়েও। এতে বিশেষ অ্যাকশন প্রদর্শন থাকবে ঢাকাই চলচ্চিত্রের এ নায়কের। এছাড়া কারিনাও দীর্ঘক্ষণ দর্শকের সামনে থাকবেন বলে জানালেন স্বপন চৌধুরী।
তিনি বলেন, 'আমাদের পরিকল্পনা- বড় আয়োজন করা। আয়োজনের মূল অতিথি বেশিক্ষণ মঞ্চে থাকবেন- এটুকু বলতে পারি। এর আগে আমরা শাহরুখ খান, রানি মুখার্জিকে ঢাকায় প্রথম এনেছিলাম। শাহরুখের পরিবেশনা দীর্ঘক্ষণ হয়েছে। এবারও একই পরিকল্পনা। কারিনা তার পরিবেশনা নিয়ে বেশ কিছু সময় মঞ্চে কাটাবেন।'
তারা জনালেন, ঢাকা নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখার সচেতনতায় এ আয়োজন করা হয়েছে। তারকা এ বিষয়টি তুলে ধরবেন। এছাড়া সচেতনতামূলক ভিডিওবার্তাও থাকবে এতে।
আগামী ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় কনসার্টটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এতে গান গাইবেন ভারতীয় গায়ক জাভেদ আলি ও কনিকা কাপুর। পুরো ছয় ঘণ্টাব্যাপী পরিবেশনা চলবে।
কনসার্টের আয়োজন সহযোগী আলতা ইভেন্টস। সার্বিক সহযোগিতা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ব্যবস্থাপনায় আছে উইকএন্ড। সংবাদ সম্মেলনে প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছবি: সাজ্জাদ হোসেন
/এম/