ওপার বাংলার কিংবদন্তি কবীর সুমন। এপারেও সমান সমাদৃত। তার লেখনী-কণ্ঠ-সুর ছড়িয়েছে উপমহাদেশজুড়েই। তাই তার জন্মদিনে (১৬ মার্চ) ঢাকা প্রকাশ করেছে তিনটি নতুন গান। যেমনটা কলকাতায় ঘটেছে বলেও শোনা যায়নি।
নতুন তিন গান হলো- কবীর সুমনের গাওয়া ‘যাচ্ছে জীবন’, আসিফের কণ্ঠে ‘সুন্দরকেই মানি’ ও শতাব্দী ভবর ‘সুমনের গান খাই’।
গান প্রকাশ ও সুমনের জন্মদিন উপলক্ষে ফেসবুকে লিখেছেন আসিফ আকবর। তিনি লেখেন, ‘গ্রেটেস্ট কবীর সুমন, একজন জীবন্ত মহীরুহ। শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমনের সাথে আমার দেখা হয়নি কখনও, সবার মতো আমিও তার একজন গুণমুগ্ধ কেউ। কথা হয়েছে কিছু, টেক্সট চালাচালি হয় পেশাদারিত্বের কারণে। কবীর সুমনের গান আর ব্যক্তিত্ব নিয়ে এদেশের মানুষের অনেক আগ্রহ। তিনি অনন্য ও সেরা। আজ শ্রদ্ধেয় কবীর সুমনের জন্মদিন। আজই মুক্ত হলো উনার লেখা, সুর ও সংগীত ভাবনার গান- সুন্দরকেই মানি। দিনটি হোক আনন্দের। শুভ জন্মদিন শ্রদ্ধেয় অগ্রজ।’
অন্যদিকে, ‘যাচ্ছে জীবন’ গানটি গেয়েছেন কবীর সুমন নিজেই। সুরও করেছেন তিনি। এটি লিখেছেন এনামুল কবির সুজন।
গানটি প্রসঙ্গে এক অডিও বার্তায় কবীর সুমন বলেন, ‘সুজন ও আমার একটি মাইলস্টোন মেলডি হিসেবে বেঁচে থাকবে এটি।’
আর ‘সুমনের গান খাই’-এর সুর, সংগীত, কথা ও কণ্ঠে আছেন শতাব্দী ভব। তার ইউটিউব চ্যানেলে এটি এসেছে।
কিংবদন্তি কবীর সুমন আজ (১৬ মার্চ) ৭৩তম জন্মদিনে পা রেখেছেন। জীবনের বিশেষ দিনটিতে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
১৯৪৯ সালের ১৬ মার্চ কবীর সুমনের জন্ম ভারতের উড়িষ্যায়। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজেই রেখেছিলেন কবীর সুমন।
গানের বাইরেও বিভিন্ন পরিচয়ে কাজ করেছেন তিনি। অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার এবং সংসদ সদস্য হিসেবেও বিভিন্ন সময় সামনে এসেছেন। তবে শ্রেণি বৈষম্য, অপসংস্কৃতি, শুদ্ধ গানের চর্চায় আপাতত তিনি সময় পার করছেন।