শুভ্রদেব- নব্বই দশকের জনপ্রিয় গায়ক। বাংলাদেশের হাতে গোনা যে দু’একজন গায়ক ভারতীয় সংগীত প্রতিষ্ঠান এমটিভি’র তৈরি মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে তিনি প্রথমদিকের একজন।
এই গায়ক আবারও সেই এমটিভির কথা মনে করিয়ে দিলেন। জানালেন, চার বছর পর নতুন গানচিত্র আনছেন। যার কাজ হয়েছে এমটিভি’র মতো বিশাল পরিসরে।
গানের নাম ‘গার্লফ্রেন্ড’। এর কথা-সুর ও সংগীত সবই করেছেন শুভ্রদেব।
‘গার্লফ্রেন্ড’ নাম প্রসঙ্গে শুভ্রদেব বলেন, ‘‘প্রায় বছর খানেক ধরে এই গানটি তৈরি করেছি। অর্ধেক কাজ করেছি আমেরিকায়। বাকিটুকু হয়েছে বাংলাদেশে। একটা বিষয় অনেকদিন ধরে ভেবে দেখলাম, ‘গার্লফ্রেন্ড’ নামে কোনও গান নেই। আমি কয়েকজন গীতিকবির সঙ্গেও কথা বলেছি। এরপর এটি নিয়ে কাজ শেষ করলাম।’’
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি নয়নাভিরাম রিসোর্ট-রেস্তোরাঁতে এর দৃশ্যধারণ হয়েছে।
জানা যায়, ভিডিওটিতে শুভ্রর সঙ্গে দেখা যাবে ইশরাত তিথিকে। এতে আরও ৩০ সহশিল্পী অংশ নিয়েছেন। অনুপম মিউজিকের ব্যানারে গানটি আসছে রোজার ঈদের আগেই ইউটিউবে।