গানের বাজারের এই পরিণতিতেও নাটকের পাশাপাশি গানের প্রকাশনা অব্যাহত রেখেছে ধ্রুব মিউজিক স্টেশন। এই ঈদে প্রতিষ্ঠানটির ব্যানারে প্রকাশ হচ্ছে মোট ৯টি গানচিত্র। বিষয়টি জানান এর কর্ণধার ও কণ্ঠশিল্পী ধ্রুব গুহ।
তিনি জানান, এবার তারকা শিল্পীদের পাশাপাশি সম্ভাবনাময় প্রতিভাবান শিল্পীদের গানও প্রকাশের উদ্যোগ ছিল তাদের। বলছেন, ‘সব শ্রেণির শ্রোতা-দর্শকদের কথা ভাবনায় রেখেই এবারের ঈদ আয়োজন সাজিয়েছি আমরা।’
ধ্রুব মিউজিকের ঈদ তালিকায় থাকছে আসিফ আকবর ও মিমির দ্বৈত গান ‘মিথ্যা বলতে পারি না’। লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজনে মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।
‘ঘুড়ি’-খ্যাত লুৎফর হাসানের কণ্ঠে ‘আমি আর আসবো না’। অমৃত দেবনাথের কথায় গানটি সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে তরিক। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ভাটি অঞ্চলের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রিন্স রুবেলের কথা, সুর আর গায়কীতে ‘এক সমুদ্র পানি’। সংগীতায়োজন করেছেন তরিক। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী জিসান খান শুভর কথা, সুর ও গায়কীতে ‘এলে না তুমি’। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। হালের সেনসেশন ইমরান মাহমুদুলের জনপ্রিয় দুটি গান ‘ধোঁয়া’ ও ‘মেঘের খামে’র ম্যাশআপ করেছেন হাসান সামস, ইকবাল ও খুদে গানরাজ হুমায়রা ঈশিকা।
ওপার বাংলার রূপঙ্কর বাগচীর গান ‘ভালো থাকুক’। গালিব সরদারের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী। নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী শফিক মাহমুদের ‘তুই যদি আমার থাকিস’। ফারুক রাজের কথায় গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন কাওসার খান। গানটির ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী।
প্রতিভাবান কণ্ঠশিল্পী তাজুল ইসলাম গেয়েছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী অদিতি চক্রবর্তীর সঙ্গে দ্বৈত গান। গানটির শিরোনাম ‘কেন দুঃখ দিলে’। কথা ও সুর শিল্পী নিজেই। আর সংগীতায়োজন করেছেন জাহিদ বাবু। গানটির ভিডিও নির্মাণ করেছেন সুশান্ত ঘোষ।
এই প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী এইচ. আল আমিনের ‘পিরিতের সেল’। গানটির কথা ও সুর মো. সুরুজ্জামান। সংগীতায়োজনে আকাশ মাহমুদ। ভিডিও নির্মাণ করেছেন আল আমিন নিজেই।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ২৮ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা শুরু হয়েছে ঈদের বিশেষ গানচিত্র। চলবে ৬ মে পর্যন্ত। পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে।