ভারত ছাড়তে পারবেন জ্যাকুলিন, তবে শর্ত প্রযোজ্য

অর্থপাচার ও প্রতারণার মামলায় ভারতে আটকে আছেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। 

২০০ কোটি টাকা প্রতারণার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত মাসেই বলিউড অভিনেত্রীকে তলব করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা ইডি। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ হিসেবে নাম জড়িয়েছে তার।

আর সে কারণেই ভারতের বাইরে না যেতে নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লি আদালত। এবার সেটা তোলা হলো। তবে জুড়ে দেওয়া হয়েছে কঠিন শর্ত।

গতকাল (২৮ মে) আদালতের তরফেই তাকে বিশেষ ছাড়পত্র দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে যেতে চেয়েছিলেন জ্যাকুলিন নিজেই।

আদালত জানিয়েছে, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের অনুমতি পাবেন জ্যাকুলিন। এই সময়সীমার মধ্যে তার বিরুদ্ধে লুক আউট সার্কুলার বা এলওসি স্থগিত থাকবে। তবে দেশে ফেরার নিশ্চয়তা বাবদ অভিনেত্রীকে ৫০ লাখ টাকা জমা রাখতে হবে। শুধু তাই নয়, তিনি আরবের কোথায় কোথায় যাচ্ছেন-থাকছেন, সেই সম্পর্কিত বিশদ তথ্য-প্রমাণ দিয়ে যেতে হবে তাকে। আর শর্ত ভঙ্গ করে না ফিরলে জ্যাকুলিনের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়েছে।

জানা যায়, এক পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে আবুধাবি যাচ্ছেন ‘বচ্চন পাণ্ডে’র এই অভিনেত্রী। সেখানে আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই কারণে বিদেশ ভ্রমণের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন অভিনেত্রী।

সূত্র: বলিউড হাঙ্গামা