‘এই গল্পগুলো প্রতিদিনই চারপাশের সংসারে দেখতে পাই’

হাসিব এমন একজন মানুষ যে অফিসের কাজ ছাড়া বাকি সব কিছুকে সময় নষ্ট মনে করে। সংসার সামলানো তার কাছে আহামরি কোনও বিষয় না। এই হাসিবই একদিন গিয়ে পৌঁছায় তার কলিগের বাসায় একটি গুরুত্বপূর্ণ ফাইলের সন্ধানে। কিন্তু সেখানে সে খুঁজে পায় এমন একদল বিচ্ছু, যারা তাকে শিখিয়ে দেয় সংসার সামলানো ঠিক কতটা কঠিন। এই শিক্ষাই পাল্টে দেয় হাসিবের চিন্তা-ভাবনা।

বাচ্চা-কাচ্চা নিয়ে একটি সংসারের প্রতিদিনের ঝুট-ঝামেলা নিয়ে আবু হায়াত মাহমুদ নির্মাণ করলেন ‘সংসার আনলিমিটেড’। ১৮ আগস্ট রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে এটি।

কমেডি জনরার এই গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের। সাথে রয়েছে মৌসুমি হামিদ, সায়রা জাহান, মীর রাব্বিসহ বেশ কিছু শিশুশিল্পী।

অভিনেতা ইরেশ যাকের বলেন, ‘এই গল্পের বিষয়টা খুব মজার ছিল। পুরুষতান্ত্রিক সমাজে এরকম গল্প আরও অনেক হয়েছে, তবে মজা করে গল্প বলাটা খুব জরুরি। কো-আর্টিস্ট হিসেবে যারা ছিলেন মৌসুমি, রাব্বি, সায়রা তারা খুব কাছের মানুষ। তবে এই কাজ করতে গিয়ে আমি খুব মুগ্ধ হয়েছি আমার শিশু সহ-অভিনেতাদের পেয়ে।’

‘একটা ঘটনা বলতেই হয়, এই কাজটা করার সময় আমার মেয়ে হসপিটালে ছিল। তো সে সময় অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। আর সেটে আমার সাথে তিন জন বাচ্চা অভিনয় করেছে। তাদের মধ্যে মুমতাহিনাকে দেখলাম প্রথম দিকে কোনও কথাই বলছে না। একটি দৃশ্যে ওকে অনেক কান্না করতে হবে। কিন্তু সে একদম নির্লিপ্ত, কারও কথা সে শুনতে পাচ্ছে কিনা সেটাও বোঝা যাচ্ছিল না। তবে পরিচালক যেই অ্যাকশন বললেন, আর ও এত ভালো, এত প্রাণবন্ত অভিনয় করলো যে আমরা সবাই অবাক হয়ে দেখলাম। পরে বুঝলাম সে আসলে আমাদের অনেকের চেয়ে অনেক অভিজ্ঞ শিল্পী’- শুটিং অভিজ্ঞতা যোগ করলেন ইরেশ।

ট্রেলার: 

চরকির পর্দায় প্রথমবারের মতো দেখা যাবে মৌসুমি হামিদকে। তিনি বলেন, ‘চরকির সাথে এটা আমার প্রথম কাজ হলেও পুরো টিম মানে রনি ভাইসহ সবাই এত কাছের আর এত আগে থেকে পরিচিত যে কাজ করতে গিয়ে কোনও বাধা মনে হয়নি। সংসার আনলিমিটেড-এ আমার স্ক্রিন টাইম বেশ অল্প। তবু গল্প আর আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং।’
 
‘সংসার আনলিমিটেড’-এর আরেকজন অভিনেতা মীর রাব্বি। তিনি কাজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘এই কনটেন্টের গল্প একটু অন্যরকম। আমাদের প্রতিদিনের জীবনযাপনের অনেক সিরিয়াস কিছু বিষয় এবং তার ভেতরের বোধগুলো সুন্দর করে একটু স্যাটায়ার আঙ্গিকে প্রেজেন্ট করা হয়েছে। সংসার আনলিমিটেড নিঃসন্দেহে সুন্দর একটি পারিবারিক গল্প।’
 
পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘আমাদের এই সাব-কনটিনেন্টে এমন গল্প খুব একটা বলা হয় না। অথচ এই গল্পগুলো প্রতিদিনই চারপাশের সংসারে দেখতে পাই। আমরা চেষ্টা করেছি সেটি দর্শকদের জন্য সুন্দর করে তুলে ধরতে। এখন দর্শক কীভাবে নেবে সেটা তাদের বিষয়। আমাদের অনুরোধ থাকবে আপনারা কাজটা দেখুন।’একটি দৃশ্যে সায়রা ও ইরেশ