‘আমি চাইনি এভাবে মরে যেতে’

জানি তুমি সারা রাত কাঁদবে/ আমাকেই নিয়ে শুধু ভাববে/ পারবে না মেলাতে হিসেব নিকেশ/ যখন থাকবে না কিছু আর হাতে/ কী করে বোঝাবো আমি তোমায়/ আমি চাইনি চাইনি এভাবে চলে যেতে/ বিশ্বাস করো ও বন্ধু/ আমি চাইনি চাইনি এভাবে মরে যেতে...।

এভাবেই প্রেমিকার প্রতি ‘শেষ নোট’ লিখলেন তরুণ। তাতে নিজেই সুর বসিয়ে গাইলেন। সৃষ্টি করলেন অসাধারণ এক বিদায়সংগীত। তরুণ ব্যান্ডের এই গানটি প্রকাশ হলো ২৪ আগস্ট রাতে, জি সিরিজের ব্যানারে।

গানটি প্রসঙ্গে তরুণ ব্যান্ডের প্রধান মুন্সী বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এটা একটা অসমাপ্ত প্রেমের গল্প। একটা সুইসাইড নোট। যেখানে একজন প্রেমিক মৃত্যুর আগে তার প্রেমিকাকে লিখে গেছেন চলে যাওয়ার গল্পটি। যারা মূলত স্যাড রোমান্টিক গান শুনতে পছন্দ করেন তাদের কথা ভেবেই গানটি তৈরি করা।’

তরুণ ব্যান্ডের বর্তমান লাইনআপ- গীতিকার, সুরকার ও প্রধান কণ্ঠ: তরুণ মুন্সী, লিড গিটার: ইমন, বেজ গিটার: অ্যান্থনি, কিবোর্ড: তানভির ও ড্রামস: রাজীব।