কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে জল ও নারীর সম্পর্ক নিয়ে তৈরি ‘ওয়াটারনেস’ বাংলাদেশের প্রথম ড্যান্স থিয়েটার বা নৃত্য-নাটক। যে নাটকটি এবার একসঙ্গে বসে দেখবেন ৮টি দেশের রাষ্ট্রদূত!
যেমন ঘটনা দেশীয় মঞ্চ নাটকের ক্ষেত্রে সচরাচর ঘটে না।
তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের ব্যানারে কাদম্বরী দেবীকে উৎসর্গ করা এই নাটকটি এবার মঞ্চায়িত হচ্ছে ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।
প্রযোজনাটি ২০১৫ সালে প্রথম মঞ্চে ওঠে। এ পর্যন্ত মঞ্চায়িত হয়েছে দশ বার। বাংলা ও ইংরেজিতে নির্মিত ৪৫ মিনিট ব্যপ্তির এই প্রযোজনার পাণ্ডুলিপি লিখেছেন ধীমান ভট্টাচার্য, সংগীত পরিচালনায় সুমন সরকার এবং মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় পূজা সেনগুপ্ত।
নৃত্য ও অভিনয়ে অংশ নিয়েছেন পূজা সেনগুপ্ত, আতিক রহমান, ফারিয়া পারভেজ, লোপা অধিকারি, সাথিয়া ইসলাম, তাসনিয়া ইশা, অদৃজা সেনগুপ্ত, শাকিল আহমেদ, প্রান্তিক দেব প্রমুখ।
পূজা সেনগুপ্ত জানান, প্রযোজনাটি দেখতে এদিন (১৪ সেপ্টেম্বর) উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত কানাডা, দক্ষিণ কোরিয়া, সুইডেন, ডেনমার্ক, মালদ্বীপ, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। আরও থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি সচিব মো. আবুল মনসুরসহ অনেক গুণীজন।
প্রযোজনাটি দর্শনীর বিনিময়ে সকলের জন্য উন্মুক্ত থাকছে বলেও জানান সংশ্লিষ্টরা।