সিএমভিতে সাত তারকার ‘তোলপাড়’

নিকট অতীতে এত সংখ্যক সংগীত তারকার সম্মিলন এক অ্যালবামে ঘটেনি। যেমনটা ঘটেছে ‘তোলপাড়’-এ। সিএমভির ব্যানারে নির্মিত ভালোবাসা দিবসের এই বিশেষ অ্যালবামে একসঙ্গে শ্রোতাদের কাছে হাজির হচ্ছেন সাতজন কণ্ঠতারকা। তারা হলেন, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, এস আই টুটুল, তাহসান, ন্যান্‌সি, বেলাল খান এবং কিশোর।

ধারনা করা হচ্ছে, গেল কয়েকবছর তো বটেই, আসছে ভালোবাসা দিবসের সবচেয়ে আলোচিত এবং তারকাবহুল গানের অ্যালবাম হিসেবে জায়গা করে নিবে সিএমভি’র এই অ্যালবামটি। এর সবগুলো গানের সুর-সংগীতায়োজন করেছেন কিশোর একাই।

তিনি বলেন, ‘এ অ্যালবাম আমার ছোট্ট সংগীত জীবনের সবচেয়ে বড় অ্যালবাম। যা সম্ভব হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কারণে। দারুণ সহযোগিতা পেয়েছি আমার সংগীত জীবনের আইডল কুমার বিশ্বজিৎসহ সকল শিল্পীর। চেষ্টা করেছি কিছু ভালোবাসার গান তৈরির। আশা করছি অ্যালবামটি এই ভালোবাসা দিবসে শ্রোতাদের কাছে সবচেয়ে বড় উপহার হয়ে থাকবে।’

‘তোলপাড়’ এ গান থাকছে সাতটি। প্রযোজক এসকে শাহেদ আলী জানান, এটি ডিজিট্যালি ও ফিজিক্যালি প্রকাশ পাচ্ছে চলতি সপ্তাহের যে কোনও দিন।

/এমএম/