আগেই ধারণা ছিলো, ‘বুবলী-বীর’ ইস্যু পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে বেশ ক’টি নতুন সিনেমার খবর আসবে শাকিব খানের পক্ষ থেকে। সপ্তাহ না ঘুরতে এলোও তাই।
সময়ের সবচেয়ে সফল নির্মাতা রায়হান রাফীকে দিয়ে শুরু হলো সেই মিশন। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে জানানো হলো, আসছে নতুন কাজ। নির্মাতা রায়হান রাফী। আর ছবিটি এসকে ফিল্মস-এর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন টপি খান এর বিগ স্ক্রিন। যে প্রযোজক শাকিব খানকে নিয়ে প্রযোজনা করেছিলেন ‘বসগিরি’।
শাকিব খানকে নিয়ে প্রথম প্রজক্টে প্রসঙ্গে উচ্ছ্বসিত তরুণ নির্মাতা রায়হান রাফী। বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে আগামীর ছবিটি বানাতে যাচ্ছি, এটা কনফার্ম।’
ছবির নাম চূড়ান্ত হয়নি। নায়িকা কে হবেন সেটি প্রাথমিকভাবে ঠিক করলেও যেহেতু লিখিত চুক্তি হয়নি, তাই আগেই জানাতে চাইলেন না রায়হান রাফী। বলেন, ‘‘দামাল’ মুক্তির পর নভেম্বরের শেষে আমরা শুটিংয়ে নামবো। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। নাম ও নায়িকা দুটোই শুটিংয়ে আগে জানাবো।’’
প্রযোজক টপি খান বলেন, ২০২৩ সালের যে কোনও ঈদে ছবিটি মুক্তি পাবে। সেই লক্ষ্যেই পুরো প্রজেক্ট সাজানো হয়েছে।